দেশি চাল প্লাস্টিকের বস্তায় ভরলে জব্দের নির্দেশ
উত্তরদক্ষিণ । বুধবার, ২৫ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৭:০০
দেশি চাল প্লাস্টিকের বস্তায় ভরলেই জব্দ করার নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসকদের। বুধবার (২৫ জানুয়ারি) জেলা প্রশাসক সম্মেলন থেকে বেরিয়ে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর এ কথা জানান।
মন্ত্রী বলেন, ‘সাম্প্রতিক সময়ে ইন্ডিয়া থেকে কিছু চাল আমদানি করা হয়েছে। এসব চাল প্লাস্টিকের বস্তায় বাংলাদেশে এসেছে। সুযোগ নিয়ে কিছু ব্যবসায়ী প্লাস্টিকের বস্তায় দেশীয় চাল ভরে বিক্রি করছেন। আমরা কঠোরভাবে বলেছি এসব চাল যেন জব্দ করা হয়।’
এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘সরকারি পাটকলগুলো সরকারের হাতে রেখে বেসরকারি ব্যবস্থাপনায় চালানোর জন্য দরপত্র আহ্বান করা হয়েছিল। ইতিমধ্যে ছয়টি পাটকলের দরপত্র পাওয়া গেছে। সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। এ ধরনের আরও ১১টি পাটকলের দরপত্র খোলা হবে।’
তিনি বলেন, পাটের বিকল্প পলিথিন ব্যাগ ব্যবহারে মানুষ অভ্যস্ত হয়ে উঠেছে। পাট পণ্য ব্যবহারের মাধ্যমে সে অবস্থা থেকে মানুষকে ফিরিয়ে আনতে হবে।
এক যুগ আগে খাদ্যশস্য, চিনি, সারসহ ১৭টি পণ্য সরবরাহ ও বাজারজাতকরণে পাটের বস্তা ব্যবহার বাধ্যতামূলক করে সরকার। প্রণয়ন করা হয়েছে ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০’। তবে এ নিয়ম মানছেন না চাল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো।
ইউডি/এ

