ডিএনসিসির আধুনিকায়নে সহায়তার আশ্বাস মায়ামি মেয়রের
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৩:০০
ঢাকা উত্তর সিটি করপোরেশনকে (ডিএনসিসি) আধুনিকায়নে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন ফ্লোরিডার মায়ামি ডেড কাউন্টির মেয়র ড্যানিলিয়া লিভাইন কাভা।
বিশেষ করে মশক নিধন, বর্জ্য ব্যবস্থাপনা, দুর্যোগ মোকাবিলায় মায়ামি সবধরনের সহায়তা করবে বলেও জানিয়েছেন মেয়র ড্যানিলিয়া।
আমেরিকার ডিপার্টমেন্ট অব কমার্সের কমার্শিয়াল ল ডেভলপমেন্ট প্রোগ্রাম (সিএলডিপি) এর আমন্ত্রণে ও অর্থায়নে ডিএনসিসির ১০ দিনের প্রশিক্ষণের সমাপনী দিনে মঙ্গলবার (২৪ জানুয়ারি) স্থানীয় সময় দুপুরে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, নগর ব্যবস্থাপনায় মায়ামির অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে ডিএনসিসি স্মার্ট সিটির ভিশনে পৌঁছাতে বেগ পেতে হবে না।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানাতে পেরে খুশি মায়ামি ডেড কাউন্টির মেয়র ড্যানিলিয়া লিভাইন কাভা।
তিনি বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন যদি কোনো সহযোগিতা চায় আমরা তা দিতে প্রস্তুত। প্রয়োজনে বিশেষজ্ঞ প্রতিনিধি পাঠিয়ে ঢাকাকে স্মার্ট সিটি রূপান্তরে সহায়তার করা হবে।
মেয়র আতিকুল ইসলাম বলেন, মায়ামি ডেড কাউন্টির মেয়রকে ঢাকায় আমন্ত্রণ জানিয়েছি। মিয়ামি ডেড কাউন্টির অভিজ্ঞতা ডিএনসিসিতে বাস্তবায়ন করতে চাই।
তিনি বলেন, ঢাকা থেকে ফ্লোরিডার দূরত্বটা হাজারো মাইল। তবে তাপমাত্রা বৃষ্টিপাত প্রায় একই রকম হওয়ায় ঢাকার এবং ফ্লোরিডার মায়ামির আবহাওয়ার খুব একটা পার্থক্য নেই। ফলে মায়ামির ভালো উদ্যোগ যেগুলো আমরা দেখলাম সেগুলোর সঠিক বাস্তবায়ন করতে পারলে সত্যিকার অর্থে স্মার্ট নগর গড়ে তোলা সম্ভব।
ইউডি/এ

