নির্বাচনী ব্যবস্থাকেই ধ্বংস করে দেওয়া হয়েছে : মির্জা ফখরুল
উত্তরদক্ষিণ । রবিবার, ২৯ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৫:৩০
চলমান যুগপৎ আন্দোলন কর্মসূচি নিয়ে ১২ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছে বিএনপি।
রোববার (২৯ জানুয়ারি) সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে তিনি বলেন, ‘দেশে একদলীয় শাসনব্যবস্থা চাপিয়ে দেওয়া হয়েছে। মুখে বলে একটা, করে আরেকটা। দেশের পুরো চরিত্রটাই বদলে দিয়েছে তারা। বড় সংকট হচ্ছে, নির্বাচনী ব্যবস্থাকেই ধ্বংস করে দেওয়া হয়েছে। গোটা দেশকে অশান্ত অবস্থায় নিয়ে গেছে ক্ষমতাসীনরা।’
বিএনপির মহাসচিব বলেন, ‘সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠাসহ ১০ দফা দাবিতে চলমান যুগপৎ আন্দোলন জনগণের মধ্যে আস্থা সৃষ্টি করেছে। আর পদযাত্রা কর্মসূচি সরকার পতন আন্দোলনে নতুন মাত্রা যুক্ত করেছে।’
তিনি বলেন, ‘আমাদের চলমান আন্দোলনকে আরও গতিশীল করতে আজ ১২ দলীয় জোটের সঙ্গে আলোচনা হয়েছে। সরকারের পতন নিশ্চিত করতে ভবিষ্যতে কী ধরনের কর্মসূচি দেওয়া যায় এবং সেই আন্দোলনে জনগণকে কীভাবে আরো বেশি সম্পৃক্ত করা যায়- এটা নিয়ে আলোচনা হয়েছে। আমরা চলমান আন্দোলনকে আরো বেগবান করব।’
তিনি আরও বলেন, ‘আজকে আওয়ামী লীগ জোর করে এককভাবে নির্বাচনের দিকে যাওয়ার চেষ্টা করছে। গোটা জাতিকে অশান্ত পরিস্থিতির দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এ দেশের মানুষ জানে না যে কীভাবে নির্বাচন হবে। জনগণ ভোট দিতে পারবে কি না সেটা তারা জানে না।’
বৈঠকে ১২ দলীয় জোট নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মে. জে. (অব.) সৈয়দ মুহম্মাদ ইবরাহিম, বীর প্রতীক, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, এনডিপির চেয়ারম্যান কারি মো. আবু তাহের, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, জাগপার সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আব্দুল করিম, বাংলাদেশ ইসলামিক পার্টির মহাসচিব অ্যাডভোকেট আবুল কাশেম এবং বাংলাদেশ মুসলিম লীগের যুগ্ম মহাসচিব মো. তফাজ্জল হোসেন।
বিএনপির নেতাদের মধ্যে লিয়াজোঁ কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, মোহাম্মাদ শাহজাহান ও আব্দুল আউয়াল মিন্টু উপস্থিত ছিলেন।
ইউডি/এ

