মন্ত্রীকে গুলি করে হত্যা করা পুলিশ ‘মানসিক রোগী’

মন্ত্রীকে গুলি করে হত্যা করা পুলিশ ‘মানসিক রোগী’

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ৩১ জানুয়ারি ২০২৩ । আপডেট ০৯:০০

পাবলিক স্থানে জনসমাবেশ করতে গিয়ে পুলিশের গুলিতে নিহত হয়েছেন ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী নবকিশোর দাস। তাকে হত্যায় অভিযুক্ত ওড়িশা পুলিশের সহকারী উপ-পরিদর্শক একজন ‘মানসিক রোগী’। দীর্ঘদিন ধরেই তার চিকিৎসা চলছে। তা সত্ত্বেও কেন তাকে পিস্তল দেওয়া হয়েছিল, কেনই বা তাকে পুলিশের গুরুত্বপূর্ণ পদে বহাল রাখা হয়েছিল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

ওই পুলিশ সদস্যের নাম গোপালক্রুষ্ণা দাস। রোববার দুপুরে ওড়িশার ঝাড়সুগুড়া জেলার ব্রজরাজনগরে গান্ধী চকের কাছে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীকে লক্ষ্য করে হঠাৎ গুলি ছোড়েন তিনি। পর পর দু’টি গুলি লাগে স্বাস্থ্যমন্ত্রী নবকিশোরের বুকে। গুরুতর আহত অবস্থায় মন্ত্রীকে হাসপাতালে নেওয়া হয়। তবে বাঁচানো যায়নি তাকে, রোববার সন্ধ্যায় হাসপাতালে মৃত্যু হয় নবকিশোরের।

গুলি চালানোর পর পুলিশ সদস্য গোপালক্রুষ্ণা দাসকে স্থানীয় লোকজনই ধরে ফেলেন। পরে তাকে গ্রেপ্তার করে পুলিশ। জানা গেছে, গোপালক্রুষ্ণা বাইপোলার ডিজঅর্ডারে ভুগছিলেন। এটি এক ধরনের মানসিক রোগ, যার ফলে মন স্থির থাকে না। রাগ, দুঃখ প্রভৃতি আবেগ ঘন ঘন পরিবর্তিত হয়। গভীর অবসাদে ভোগেন রোগী।

ওড়িশার ব্রহ্মপুরের এমকেসিজি মেডিকেল কলেজের মনোরোগ বিভাগের প্রধান চন্দ্রশেখর ত্রিপাঠি বলেন, ‘গোপালক্রুষ্ণা আট থেকে ১০ বছর আগে প্রথম আমার ক্লিনিকে চিকিৎসার জন্য এসেছিলেন। তিনি খুব তাড়াতাড়ি মাথা গরম করে ফেলতেন। তার চিকিৎসা চলছিল। কিন্তু আমি জানি না নিয়মিত তিনি ওষুধ খাচ্ছিলেন কি না। নিয়মিত ওষুধ না খেলে রোগের প্রকোপ বেড়ে যায়। গত এক বছরে গোপালক্রুষ্ণা আমার ক্লিনিকে আর আসেননি।’

ব্রহ্মপুরে পুলিশ কনস্টেবল হিসেবে চাকরিজীবন শুরু করেছিলেন গোপালক্রুষ্ণা। ১২ বছর আগে ঝাড়সুগুড়ায় তার বদলি হয়। এরপর থেকে সেখানেই থাকছিলেন তিনি। সেখানেই রোববার তার চালানো গুলিতে মৃত্যু হয় রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর। গোপালক্রুষ্ণার কাছে লাইসেন্স-সহ পিস্তল ছিল।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading