৬ আসনের উপনির্বাচন, চলছে ভোট
উত্তরদক্ষিণ । বুধবার, ০১ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১১:০০
বিএনপির দলীয় এমপিদের পদত্যাগে শূন্য হওয়া ছয়টি সংসদীয় আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে।
বুধবার (০১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে। সিসি ক্যামেরা না থাকলেও ৮৬৭টি ভোটকেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
গত ১১ ডিসেম্বর বিএনপির আন্দোলনের অংশ হিসেবে দলটির সাতজন সংসদ সদস্য দলের সিদ্ধান্ত অনুযায়ী পদত্যাগ করেন। এর অংশ হিসেবে ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪ ও বগুড়া-৬, চাঁপাইনবাবগঞ্জ-২ ও চাঁপাইনবাবগঞ্জ-৩ এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসন শূন্য ঘোষণা করার পর সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
বর্তমান সংসদের মেয়াদ রয়েছে এক বছরেরও কম। কিন্তু উপনির্বাচন ঘিরে তৈরি হয়েছে জাতীয় রাজনীতির নানা মেরুকরণ। আওয়ামী লীগ চাঁপাইনবাবগঞ্জ-২, চাঁপাইনবাবগঞ্জ-৩ এবং বগুড়া-৬ আসনে দলীয় প্রার্থী দিলেও ১৪ দলীয় জোটের অন্যতম শরিক ওয়ার্কার্স পার্টিকে ঠাকুরগাঁও-৩ এবং জাসদকে (ইনু) বগুড়া-৪ আসনে ছাড় দিয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে প্রার্থী না দিলেও সেখানে বিএনপির পদত্যাগী এমপি উকিল আবদুস সাত্তার ভূঁইয়াকে সমর্থন দিয়েছে আওয়ামী লীগ। প্রতিটি আসনে জাতীয় পার্টির প্রার্থী রয়েছেন।

নির্বাচনী এলাকাগুলোর বিভিন্ন সড়কে টহল দিচ্ছে বিজিবি ও পুলিশ। ভোটারদের মধ্যে এই নির্বাচন নিয়ে তেমন উত্তাপ দেখা যাচ্ছে না। ফলে আশানুরূপ ভোটার উপস্থিতি নিয়ে শঙ্কা রয়েছে ভোট গ্রহণ কর্মকর্তাদের মধ্যে।
ছয় আসনে ভোটকেন্দ্র ৮৬৭টি। ভোট কক্ষ পাঁচ হাজার ৮৯৮টি। ভোটার ২২ লাখ ৫৪ হাজার ২১৭ জন। ছয়টি আসনে ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, এ ছয় আসনের উপনির্বাচনে সাধারণ কেন্দ্রে ১৬-১৭ জন এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রে ১৭-১৮ জন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

সাধারণ কেন্দ্রে অস্ত্রসহ পুলিশ তিনজন, অস্ত্রসহ অঙ্গীভূত আনসার একজন, অস্ত্র/লাঠিসহ অঙ্গীভূত আনসার একজন, লাঠিসহ অঙ্গীভূত আনসার সদস্য (মহিলা-৪, পুরুষ-৬) ১০ জন, লাঠিসহ গ্রাম পুলিশ ১-২ জন এবং দফাদার/মহল্লাদার (লাঠিসহ) ক্ষেত্রবিশেষে দুজন মোতায়েন রয়েছে।
এছাড়া গুরুত্বপূর্ণ কেন্দ্রে অস্ত্রসহ পুলিশ চারজন, অস্ত্রসহ অঙ্গীভূত আনসার একজন, অস্ত্র/লাঠিসহ অঙ্গীভূত আনসার একজন, লাঠিসহ অঙ্গীভূত আনসার সদস্য (মহিলা-৪, পুরুষ-৬) ১০ জন এবং লাঠিসহ গ্রাম পুলিশ ১-২ জন, দফাদার/মহল্লাদার (লাঠিসহ) ক্ষেত্রবিশেষ দুজন মোতায়েন রয়েছে।

জানা যায়, উপনির্বাচন ঘিরে ঠাকুরগাঁও-৩ আসনে ২৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দুজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট; বগুড়া-৪ আসনে ২৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দুজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট; বগুড়া-৬ আসনে ১৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট; চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে ২৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তিনজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট; চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে ২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ২৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দুজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।
ইউডি/ এ

