আওয়ামী লীগের ভিত নড়বড়ে হয়ে গেছে: মির্জা আব্বাস

আওয়ামী লীগের ভিত নড়বড়ে হয়ে গেছে: মির্জা আব্বাস

উত্তরদক্ষিণ । বুধবার, ০১ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৯:০০

‘পদযাত্রা’ নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের দায়িত্বশীলদের জবাব দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তাঁর দাবি, বিএনপির পদযাত্রায় আওয়ামী লীগের ভিত নড়বড়ে হয়ে গেছে। আওয়ামী লীগ নিজদের পতনের বার্তা পেয়ে গেছে।

বুধবার (০১ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পদযাত্রাপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এমন দাবি করেন। রাজধানীর কমলাপুর স্টেডিয়াম সংলগ্ন সড়ক থেকে সাড়ে ৩টার দিকে এই পদযাত্রা শুরু হয়। পদযাত্রা খিলগাঁও হয়ে মালিবাগে গিয়ে শেষ হয়।

মির্জা আব্বাস বলেন, ‘গণতন্ত্র, ভোটাধিকারসহ সব অধিকার প্রতিষ্ঠায় জনগণ রাজপথে সোচ্চার হয়েছে। এ সরকারের পতন এখন সময়ের ব্যাপার। ক্ষমতাসীন আওয়ামী লীগ বিষয়টি জেনে গেছে। যেকারণে তারা বিএনপির পদযাত্রাকে ‘‘মরণযাত্রা’’ বলছে।’

আব্বাস বলেন, ‘আওয়ামী লীগ পায়ের আওয়াজ পেয়ে গেছে। ওই যে কারা আসছে—তারা (জনগণ) ভোটের অধিকার ফিরে চায়, গণতন্ত্র ফিরে চায়, সব অধিকার ফিরে চায়। তারা (আওয়ামী লীগ) এটা টের পেয়ে গেছে।’

বিএনপির এই নেতা বলেন, ‘এ দেশের মানুষ বৃষ্টির সময় কাদামাটি। আবার চৈত্র মাসে অনেক শক্ত। দেশের জনগণ এখন চৈত্র মাসের মাটির মতো অনেক শক্ত। তারা সরকারকে আর দেখতে চায় না। সেই জনগণকে সঙ্গে নিয়ে আমরা এই সরকারের অবশ্যই পতন ঘটাব।’

পদযাত্রা নিয়ে আওয়ামী লীগের সমালোচনার জবাবে মির্জা আব্বাস বলেন, ‘আমাদের মরণযাত্রা শুরু হলে তোমাদের কী আসে যায়? আমরা চিৎকার করলেও তারা (আওয়ামী লীগ) ভয় পায়। আবার নীরব থাকলেও ভয় পায়। পদযাত্রায় রাস্তা প্রকম্পিত হচ্ছে যেকারণে আওয়ামী লীগ ভয় পেয়ে গেছে। তাদের পতন এখন সময়ের অপেক্ষা।’

গত ২৮ জানুয়ারি মহানগর উত্তর বিএনপির উদ্যোগে বাড্ডা সুবাস্তু টাওয়ারের সামনে থেকে মালিবাগ আবুল হোটেল পর্যন্ত প্রথম দিনের পদযাত্রা কর্মসূচি পালন করা হয়। দুদিন পর ৩০ জানুয়ারি মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে যাত্রাবাড়ী আইডিয়াল স্কুলের সামনে থেকে জুরাইন রেলগেট পর্যন্ত পদযাত্রা করা হয়। মঙ্গলবার গাবতলী থেকে পদযাত্রা বের হয়। এরই ধারাবাহিকতায় বুধবার কমলাপুর থেকে পদযাত্রা বের করে মহানগর দক্ষিণ বিএনপি। এর মধ্য দিয়ে ঢাকায় ৪ দিনের পদযাত্রার কর্মসূচির সমাপ্তি ঘটছে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading