ভাষার মাসের প্রথম দিনে উচ্চ আদালতে ১৪৮ রায় ও আদেশ বাংলায়
উত্তরদক্ষিণ । বুধবার, ০১ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৯:৩০
ভাষা শহীদদের প্রতি সম্মান জানিয়ে ভাষার মাসের প্রথমদিনে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগ অন্তত ১৪৮টি রায় ও আদেশ বাংলায় দিয়েছেন।
এর মধ্যে আপিল বিভাগের চেম্বার আদালতের বিচারপতি এম ইনায়েতুর রহিম ১৪৫টি আদেশ বাংলায় দিয়েছেন। পাশাপাশি তিনি বলেছেন-এখন থেকে চেম্বার আদালতে বাংলায় আদেশ দিয়ে যাবেন।
আর হাইকোর্ট বিভাগে বিচারপতি নাইমা হায়দার একটি রায়, বিচারপতি মো.নজরুল ইসলাম ইসলাম তালুকদার একটি রায় এবং বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের নেতৃত্বাধীন বেঞ্চ একটি আদেশ বাংলায় দিয়েছেন।
বিষয়টি প্রশংসনীয় উদ্যোগ বলে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেছেন, এসব রায় ও আদেশ বিচারপ্রার্থীদের কাজে লাগবে।
সুপ্রিম কোর্টের আইনজীবী কুমার দেবুল দে বলেন, ‘আজকে আপিল বিভাগের চেম্বার আদালতে ১৪৫টি মামলা ছিল। এর মধ্যে আমার একটি মামলা ছিল। সব মামলার সঙ্গে আমার মামলায়ও বাংলায় আদেশ দিয়েছেন আদালত।’
বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ ‘মো. আক্কাস আলী বনাম বাংলাদেশ’ মামলার রায়টি বাংলায় ঘোষণা করেন।
অর্পিত সম্পতি সংক্রান্ত এ রিট মামলাটির রায় দেওয়ার আগে বিচারপতি নাইমা হায়দার বলেন, ‘আজ ১ ফেব্রুয়ারি। ভাষার মাস আজ থেকে শুরু। ভাষা শহীদের আত্মার প্রতি সম্মান জানিয়ে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রতি সম্মান জানিয়ে আজকের প্রথম রায়টি বাংলায় ঘোষণা করছি। বিশ্বের সমস্ত বাংলা ভাষাভাষীদের প্রতি সম্মান জানিয়ে বাংলায় এ রায় ঘোষণা করছি।’
বিচারপতি মো.নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ ফৌজদারি রিভিশন মামলায় রুল চূড়ান্ত নিষ্পত্তি করে বাংলায় রায় ও আদেশ দেন।
বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে রুলসহ একটি আদেশ দেন।
উচ্চ আদালতে নব্বইয়ের দশক থেকে বাংলায় রায় ও আদেশ দেওয়া শুরু হয়। প্রয়াত বিচারপতি এ আর এম আমীরুল ইসলাম চৌধুরী বাংলায় আদেশ দেওয়া শুরু করেন। এরপর সাবেক বিচারপতিদের মধ্যে বিচারপতি কাজী এবাদুল হক, বিচারপতি হামিদুল হক, বিচারপতি আবদুল কুদ্দুছ, সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক, আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী বাংলায় বেশ কয়েকটি রায় দেন।
বর্তমানে আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি আবু জাফর সিদ্দিকী, বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম হাইকোর্টে থাকাকালীন বেশ কয়েকটি মামলার রায় বাংলায় দিয়েছেন।
তবে নিয়োগ পাওয়ার পর ২০১০ সালের এপ্রিল থেকে বাংলায় রায় দিয়ে যাচ্ছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি শেখ মো. জাকির হোসেন। এছাড়াও বর্তমানে বিচারপতি মো. আশরাফুল কামালও বাংলায় রায় লেখেন।
ইউডি/এ

