নিরাশ করেনি ঢাকা মেট্রো: ববি
উত্তরদক্ষিণ । বুধবার, ০১ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ২০:০০
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রথম মেট্রোরেল উদ্বোধন করেন গত বছরের ২৮ ডিসেম্বর। আধুনিক এই নগর গণপরিবহনে ওই দিন থেকে উত্তরা-আগারগাঁও পর্যন্ত যাত্রী চলাচল শুরু হয়।
ঢাকার পরিবহন খাতে নতুন মাত্রা যোগ করা মেট্রোরেলে চড়ার অভিজ্ঞতার কথা জানিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি।
নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘ঢাকা মেট্রো নিরাশ করেনি। ভালো দিকনির্দেশনা, আরামদায়ক বগি, প্রশস্ত প্ল্যাটফর্ম, শহরের অনন্য দৃশ্য এবং নারী ও পুরুষের উভয়ের ব্যবহারে যথেষ্ট সুযোগ রয়েছে।’
ফেসবুক পোস্টের সঙ্গে একটি সেলফিসহ কয়েকটি ছবিও পোস্ট করেছেন রাদওয়ান মুজিব সিদ্দিক ববি। এতে সাধারণ যাত্রীদের সঙ্গেই মেট্রোরেলে দেখা যায় তাকে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, উদ্বোধনের পর মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও রুটে ৩০ জানুয়ারি তিন লাখ ৩৫ হাজার পর্যন্ত যাত্রী পরিবহন করা হয়েছে। এতে আয় হয়েছে দুই কোটি ৪৬ লাখ টাকা।
এদিকে, দেশের প্রথম পাতাল মেট্রোরেলের নির্মাণ কাজের উদ্বোধন হতে যাচ্ছে বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারি)। মেট্রোরেলের (এমআরটি লাইন-১) নির্মাণ কাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ইউডি/এ

