আসতে পারে অলিম্পিক বয়কটের ডাক
উত্তরদক্ষিণ । শনিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৩:৩০
ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠেয় অলিম্পিক অন্তত ৪০টি দেশ বয়কট করতে পারে বলে মন্তব্য করেছেন পোল্যান্ডের ক্রীড়া ও পর্যটনমন্ত্রী কামিল বোর্নিজুক।
রাশিয়া ও বেলারুশের ক্রীড়াবিদদের খেলতে দিলে আমেরিকা, ব্রিটেন, কানাডাসহ বিপুলসংখ্যক দেশের জোট প্যারিস অলিম্পিকে অংশ নেবে না বলে পোলিশ মন্ত্রীর মত।
রাশিয়া ও বেলারুশের ক্রীড়াবিদদের ২০২৪ অলিম্পিক প্রতিযোগিতায় অংশ নিতে অনুমোদন দেওয়ার পরিকল্পনা করেছিল ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি (আইওসি)। সংস্থাটি চায় ‘নিরপেক্ষ পতাকা’য় খেলোয়াড়দের সুযোগ দিতে। কিন্তু বিষয়টি যৌথভাবে প্রত্যাখ্যান করেছে পোল্যান্ড, লিথুয়ানিয়া, এস্তোনিয়া ও লাটভিয়া।
এরপরই পোলিশ ক্রীড়ামন্ত্রী বয়কটের মন্তব্য করেছেন। তবে এমন কাজে খেলোয়াড়রাই শাস্তি পান জানিয়ে সম্ভাব্য বয়কটকারীদের সতর্ক করে দিয়েছে আইওসি।
পোলিশ ক্রীড়ামন্ত্রী মনে করেন, আইওসির ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় বৈঠকের আগে সংস্থাটির পরিকল্পনা ঠেকাতে ব্রিটেন, আমেরিকাসহ ৪০টি দেশ নিয়ে জোট গঠন করা সম্ভব।
আর সেটি করতে পারলে প্যারিস অলিম্পিক অর্থহীন হবে, ‘জোট গঠনের বিষয়টি বিবেচনা করে মনে করি, অলিম্পিকের আগে কোনো কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হব না। যদি আমরা অলিম্পিক বয়কট করি, তবে আমাদের জোট ২০২৪ অলিম্পিককে অর্থহীন করে তোলার জন্য যথেষ্ট।’
আইওসির ‘নিরপেক্ষ’ থাকার পরিকল্পনার নিন্দা জানিয়েছে ব্রিটেন সরকার, বিপক্ষে মত দিয়েছেন আমেরিকার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারিন ইয়ান-পিয়েরে।
ব্রিটেন মনে করে, আইওসির এমন পরিকল্পনা যুদ্ধের বাস্তবতা থেকে দূরে নিয়ে যাবে বিশ্বকে।
ইউডি/এ

