১০০ টাকা ঘুষ নেওয়ায় এক বছরের কারাদণ্ড!
উত্তরদক্ষিণ । শনিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৩:৪৫
ইন্ডিয়ায় রাম নারায়ণ ভার্মা নামে অবসরপ্রাপ্ত এক রেলওয়ে কেরানির এক বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
৮২ বছর বয়সি ওই কেরানির বিরুদ্ধে ৩২ বছর আগে ১০০ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ আনা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে ওই অবসরপ্রাপ্ত বৃদ্ধকে এক বছরের জন্য জেলে পাঠানো হলো। তাকে ১৫ হাজার রুপি জরিমানাও করা হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, তার বয়স বেশি হওয়ার কারণে তিনি শাস্তির ভার কিছুটা কমানোর জন্য় আবেদন করেছিলেন এবং ইতোমধ্যেই তিনি দুদিন জেলও খেটেছেন।
তবে আদালত কোনো ছাড় দেননি। আদালত বলেছেন, ‘ছাড় দিলে মানুষের কাছে ভুল বার্তা যেত।
বিচারপতি ইন্ডিয়ার স্পেশাল সিবিআই বিচারপতি অজয় বিক্রম সিং জানিয়েছেন, এই মামলায় দুই দিনের জেল যথেষ্ট নয়। তাকে এক বছরের জন্য জেল খাটতে হবে। বৃহস্পতিবার (০৩ জানুয়ারি) এ রায় দেওয়া হয়। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে এনডিটিভি।
নর্দার্ন রেলের অবসরপ্রাপ্ত লোকো ড্রাইভার রাম কুমার তিওয়ারি ১৯৯১ সালে সিবিআইয়ের কাছে একটি এফআইআর করেন। তিনি অভিযোগ করেন, পেনশন পাওয়ার জন্য তার মেডিকেল টেস্টের প্রয়োজন ছিল। সেই সময় অভিযুক্ত রাম নারায়ণ ভার্মা ১৫০ টাকা ঘুষ চান। এরপর ১০০ টাকাতে রফা হয়।
এরপর সিবিআইয়ের কাছে রামকুমার অভিযোগ জানান। ওই অভিযোগের ভিত্তিতে ফাঁদ পাতে সিবিআই। তারপর ১০০ টাকা ঘুষ নেওয়ার সময় তিনি হাতেনাতে ধরা পড়েন।
এরপর ভার্মার বিরুদ্ধে এফআইআর করে সিবিআই। ২০২২ সালের ৩০ নভেম্বর ভার্মার বিরুদ্ধে চার্জশিট দেয় সিবিআই। এতদিন ধরে তার মামলা চলছিল। তবে বোদ্ধা মহলের মতে, এই ঘটনায় দুর্নীতির বিরুদ্ধে সরকার কতটা কঠোর সেই বার্তাটিও সামনে এসেছে।
ইউডি/এ

