৯৯৯ নম্বরে ফোন দিয়ে উদ্ধার হলেন কাপ্তাই হ্রদে আটকে পড়া ১৭৫ পর্যটক
উত্তরদক্ষিণ । রবিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৩:০০
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দিয়ে উদ্ধার হলেন রাঙ্গামাটির কাপ্তাই লেকে লঞ্চ নিয়ে ঘুরতে গিয়ে আটকা পড়া ১৭৫ পর্যটক।
শনিবার (০৪ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম কলেজের ইতিহাস বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা কাপ্তাই লেকে ঘুরতে যান। বিকেলে কাপ্তাই লেকের চরে আটকে যায় তাদের বহনকারী লঞ্চটি। সন্ধ্যায় তাদের উদ্ধার করে পুলিশ।
এ উদ্ধার অভিযান নেতৃত্ব দেন রাঙ্গামাটি জেলা পুলিশ এর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহেদুল ইসলাম। এ সময় সঙ্গে ছিলেন রাঙ্গামাটির কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অরিফুল আমিন ও নৌ পুলিশের একটি টিম।
চট্টগ্রাম কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আবু তাহের ভূইয়া বলেন, ‘শনিবার বিকেলে দিকে কাপ্তাই হ্রদে মধ্যে চর এলাকায় আমাদের যাত্রীবাহী লঞ্চটি আটকে যায়। লঞ্চ চালকরা দীর্ঘ সময় চেষ্টা করেও লঞ্চটি সরাতে পারেনি।
‘দীর্ঘ সময়ক্ষেপনের কারণে সন্ধ্যা হয়ে যায়। আমরা তখন শিক্ষার্থীদের নিয়ে কিছুটা আতঙ্কে পড়ি। এরপর ৯৯৯-এ ফোন করলে পুলিশ এসে উদ্ধার করে’, বলেন তিনি।
ওসি আরিফুল আমিন বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তাদের উদ্ধারে বের হই আমরা। অন্ধকার হওয়ায় তাদের খুঁজে পেতে কিছুটা সময় লেগেছে। তবে লঞ্চে থাকা ১৭৫ জনের সবাই সুস্থ আছেন। তাদের সবাইকে উদ্ধার করা হয়েছে।”
রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (সদর-সার্কেল) মো. জহিদুল ইসলাম বলেন, ‘৯৯৯ নম্বর থেকে ফোন পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করেছে পুলিশ। কী কারণে লঞ্চটি চরে আটকে গেলো, লঞ্চচালক ও দায়িত্বশীলদের গাফিলতি ছিল কি না, তা তদন্ত করে দেখবো আমরা।’
ইউডি/এ

