বলিউড ইতিহাসে ‘পাঠান’র নতুন দুই রেকর্ড
উত্তরদক্ষিণ । রবিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৪:৪৫
বড় পর্দায় ‘পাঠান’ সিনেমা মুক্তির সপ্তাহ দুয়েক হয়ে এসেছে। তবে বক্স অফিসে অ্যাকশনধর্মী এ চলচ্চিত্রটির তাণ্ডব থামার কোনো নামগন্ধ নেই।
মুক্তির প্রথম দিন থেকেই একের পর এক রেকর্ড গড়ে বলিউড ইতিহাসেই ধরাছোঁয়ার বাইরে গিয়ে আলাদা জায়গা করে নিচ্ছে সিনেমাটি।
শনিবার (০৪ ফেব্রুয়ারি) ইন্ডিয়া থেকে সিনেমাটি ২৪ কোটি রুপির মতো আয় করেছে। ফলে দেশটি থেকে সিনেমাটির আয় ৪০০ কোটি রুপি ছাড়িয়েছে। পাশাপাশি বিশ্বব্যাপী সিনেমাটির আয় হয়েছে ৭০০ কোটি রুপির বেশি।
রেকর্ড ভাঙা-গড়ার খেলা মেতে ওঠা সিনেমাটি এবার বলিউড ইন্ডাস্ট্রির আরও নতুন দুটি রেকর্ড গড়লো।
২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত আমির খান অভিনীত ‘দঙ্গল’ সিনেমাটি ইন্ডিয়া থেকে ৩৮৭ কোটি রুপি আয় করেছিল। গত সাত বছর ধরে এটিই ছিল ইন্ডিয়া থেকে সর্বোচ্চ আয় করা কোনো বলিউড সিনেমা।
দেশটি থেকে ৪০০ কোটি রুপির বেশি আয় করে ‘পাঠান’ সিনেমাটি সেই রেকর্ড ভাঙল। শুধু তা-ই না, বলিউড ইতিহাসের প্রথম সিনেমা হিসেবে ৪০০ কোটি রুপি আয় করার রেকর্ড গড়লো ‘পাঠান’।
বলিউডের রেকর্ড তো ভাঙা হলোই, ‘পাঠান’ সিনেমার চোখ এখন প্যান ইন্ডিয়ান দুই চলচ্চিত্র ‘কেজিএফ ২’ এবং ‘বাহুবালি ২’র হিন্দি কালেকশনের দিকে।
“পাঠান”র আয় যে গতিতে এগোচ্ছে, তাতে সিনেমাটি অনায়াসেই আগামী পাঁচ দিনে “কেজিএফ ২”র হিন্দি সংস্করণের আয়কে ছাড়িয়ে যাবে।
ধারাবাহিকতা বজায় থাকলে ২০১৭ সালে মুক্তি পাওয়া “বাহুবালি ২”র হিন্দি সংস্করণ থেকে ৫১১ কোটি রুপি আয়ের রেকর্ডও ভেঙে ফেলার সুযোগ থাকবে “পাঠান” সিনেমার সামনে।
মুক্তির আগে কিছুটা বিতর্কের মুখে পড়লেও সব প্রতিকূলতাকে পাশ কাটিয়ে অবশেষে মুক্তি পেয়েছে “পাঠান”। ইন্ডিয়ার ৭৪তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে গত ২৫ জানুয়ারি দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে শুরু হয় সিনেমাটির প্রদর্শনী। প্রদর্শনী শুরু হওয়ার পর দর্শক-সমালোচক দুই মহলেই দারুণ প্রশংসিত হয়েছে সিনেমাটি।
“পাঠান” সিনেমাটি মুক্তির আগে একাধিক বিতর্কে জর্জরিত হয়েছেন শাহরুখ-দীপিকারা। ছবিটির “বেশরম রং” গান নিয়ে বিতর্কের শেষ ছিল না, এ নিয়ে ছবি বয়কটের ডাকও ওঠে।
দীপিকাকে গেরুয়া বিকিনিতে দেখে মেজাজ হারিয়েছিল একাধিক হিন্দু সংগঠন। তবে সব বাধা পেরিয়ে সুস্থ পরিবেশে মুক্তি পেয়েছে “পাঠান”। কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা বাদ দিলে, সার্বিকভাবে শান্তিপূর্ণভাবেই ভারতজুড়ে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি।
বক্স অফিসে শাহরুখ খানের সর্বশেষ কয়েকটি সিনেমা ব্যবসায়িক সাফল্য পায়নি। এরপর গত চার বছর ধরে মূখ্য ভূমিকায় বড় পর্দায় দেখা মেলেনি বলিউড বাদশাহর।
অন্যদিকে, গত কয়েক বছরে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের উত্থানে বলিউডের চলচ্চিত্রগুলো ক্রমাগত মুখ থুবড়ে পড়ছিল। শেষ পর্যন্ত চার বছর পর রুপালি পর্দায় ফিরে মাথা নুইয়ে পড়া বলিউডকে আবারও চাঙা করে তুলেছেন কিং খান।
ইন্ডিয়ার অন্যতম শীর্ষস্থানীয় প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মসের ৫০ বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে মুক্তি পেয়েছে “পাঠান”।
ছবিটি হিন্দির পাশাপাশি তামিল ও তেলেগু ভাষায়ও মুক্তি পেয়েছে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ও আদিত্য চোপড়া প্রযোজিত “পাঠান” চলচ্চিত্রে শাহরুখের সঙ্গে দেখা যাবে জন আব্রাহাম ও দীপিকা পাড়ুকোনকেও।
পাশাপাশি বিভিন্ন চরিত্রে আছেন ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম রোড়ে, মনিশ ওয়াদওয়া প্রমুখ।
এছাড়া স্পাই ইউনিভার্সের অংশ হিসেবে টাইগার ভূমিকায় ক্যামিও চরিত্রে দেখা যাবে সালমান খানকেও।
ইউডি/এ

