আবারও দুদিনের পদযাত্রা করবে বিএনপি
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৬:৩০
দশ দফা বাস্তবায়নের দাবিতে ঢাকায় আবারও দুদিনের পদযাত্রা কর্মসূচি করবে বিএনপি। মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, আগামী ৯ ফেব্রুয়ারি, গোপীবাগ থেকে প্রেসক্লাব পর্যন্ত, পদযাত্রা করবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। আর ১২ ফেব্রুয়ারি শ্যামলী থেকে সাত রাস্তা পর্যন্ত কর্মসূচি পালন করবে, মহানগর উত্তর বিএনপি।
মির্জা ফখরুল বলেন, ‘সরকার প্রথম থেকেই উস্কানি দিয়ে সংঘাতময় পরিস্থিতি তৈরি করে দেশকে অস্থিতিশীল করতে চায়। বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে যাচ্ছে। বিএনপির ইউনিয়ন পর্যায়ে কর্মসূচি দেওয়ার পর এখন আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি দিচ্ছে।’
মির্জা ফখরুল অভিযোগ করেন, ‘সরকারের দুর্নীতির কারণে দেশের অর্থনীতি বেহাল। জনগণের প্রতি সরকারের দায়িত্বহীনতায় বাড়ছে নিত্যপণ্যের দাম।’
সভায় ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় হতাহতে দুঃখ প্রকাশ করা হয়। দুই দেশের সরকার ও জনগণের সঙ্গে একাত্মতা ও সমবেদনা প্রকাশ করা হয় বিএনপির পক্ষ থেকে।
ইউডি/এ

