সিরিয়ায় ভূমিকম্পে নিহতদের দেওয়া হচ্ছে গণকবর
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১২:০০
ভয়াবহ ভূমিকম্পের পর সিরিয়ায় একদিকে চলছে উদ্ধার তৎপরতা, অন্যদিকে চলছে শতশত মরদেহ সৎকারের কাজ। বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত শুধু সিরিয়াতেই মারা গেছেন তিন হাজার মানুষ। ফলে মরদেহ উদ্ধারের পাশাপাশি গতি বাড়াতে হচ্ছে দাফনকার্যেও।
সিরিয়ার জান্ডারিস এলাকায় গণকবর দেওয়া হচ্ছে শত শত মানুষের। আর এই কাজে নেতৃত্ব দিচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘হোয়াইট হেলমেট’।
তবে দাফন করার আগে মরদেহের ডিএনএ নমুনা রেখে তবেই কবর দেওয়া হচ্ছে। কারণ এখন পর্যন্ত বেশির ভাগের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। এসব মরদেহের অধিকাংশকেই শেষবারের মতো দেখার কেউ নেই।
উদ্ধারকারীরা বলছেন, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে লাশের সারি। মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
এর আগে গত সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে তুরস্ক ও সিরিয়াতে ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৭ দশমিক ৮।
আমেরিকার ভূতাত্ত্বিক জরিপের (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি গাজিয়ানটেপ প্রদেশের নুরদাগি এলাকা থেকে ২৩ কিলোমিটার পূর্বে আঘাত হানে। এর গভীরতা ছিল ২৪ দশমিক ১ কিলোমিটার।
ওই ঘটনায় সিরিয়া-তুরস্ক মিলিয়ে ১৫ হাজারেরও বেশি মানুষের প্রাণহানি হয়েছে।
ইউডি/এ

