আওয়ামী লীগের শান্তি সমাবেশ স্থগিত, যুবলীগের বাতিল
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৫:৩০
তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় এক দিনের রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ। এ জন্য ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের পূর্ব ঘোষিত শান্তি সমাবেশ স্থগিত এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের শান্তি সমাবেশ বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ ও ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় প্রাণহানির ঘটনায় রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে বাংলাদেশ। শোক দিবস পালন উপলক্ষে ঢাকা মহানগর উত্তরের পূর্ব ঘোষিত পল্লবীতে আজকের শান্তি সমাবেশ স্থগিত করা হয়েছে।’
ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি এক শোক বিবৃতিতে তুরস্ক ও সিরিয়ায় হাজার হাজার মানুষের মৃত্যুতে বিশেষ শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে তারা সব ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করার জন্য অনুরোধ জানিয়েছেন।
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বিজ্ঞপ্তিতে বলা হয়, তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে অসংখ্য মানুষ হতাহতের ঘটনায় রাষ্ট্রীয় শোক পালনের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানিয়ে শান্তি সমাবেশ বাতিল করা হয়েছে।
বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের পূর্ব নির্ধারিত কর্মসূচি হওয়ার কথা ছিল। এটি বাতিল করেছেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।
এর আগে তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি সংহতি জানিয়ে বৃহস্পতিবার রাজধানীতে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের পদযাত্রা কর্মসূচি স্থগিত করা হয়।
ইউডি/এ

