নির্বাচনে ‘কারচুপি করতে’ তত্ত্বাবধায়ক সরকারের আবির্ভাব: আইনমন্ত্রী
উত্তরদক্ষিণ । রবিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৭:০০
‘তত্ত্বাবধায়ক সরকার আর ফিরে আসবে না’ উল্লেখ করে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ‘এ দেশে তত্ত্বাবধায়ক সরকারের আবির্ভাব হয়েছিল বিএনপির দুঃশাসন ও নির্বাচনে কারচুপির করার জন্য।’
রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের আধুনিকায়নে আনিসুল হক নতুন অভিযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর প্রেসক্লাব সংলগ্ন সদর হাসপাতাল স্টাফ নার্স মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ‘যখন তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে মামলা হলো, তখন হাইকোর্ট বলল তত্ত্বাবধায়ক সরকার সংবিধানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তাই হাইকোর্ট তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল করে দেয়। সংবিধানে যেভাবে আছে সেভাবে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে।’
তিনি আরও বলেন, ‘বিএনপির দাবি হল সব মানি তবে তালগাছ আমার।’ এছাড়া তিনি ব্রাহ্মণবাড়িয়া আদালতের চলমান পরিস্থিতির কথা উল্লেখ করে বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়া আদালতে ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছিল। বর্তমানে তা সমাধান হয়েছে। আশা করছি আইনজীবীরা আগামীকালই আদালতে ফিরবে।’
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামির। এতে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের নব নির্বাচিত এমপি উকিল আবদুস সাত্তার ভূঁইয়া, সংরক্ষিত নারী সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ, জেলা প্রশাসক মো. শাহগীর আলম, জেলা পরিষদ চেয়ারম্যান আল মামুন সরকার, পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেন, পৌর মেয়র মিসেস নায়ার কবির। স্বাগত বক্তব্য রাখবেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের বিগত কমিটির সদস্য সচিব জাবেদ রহিম বিজন।
এর আগে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সভাপতি রিয়াজউদ্দিন জামি ও সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লার নেতৃত্বে ১১ সদস্যের কমিটি স্থানীয় সার্কিট হাউজে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।
ইউডি/এ

