একদিনে ডেঙ্গু আক্রান্ত ১৪ জন হাসপাতালে
উত্তরদক্ষিণ । রবিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৭:০৫
দেশজুড়ে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত থাকলেও রোগীর সংখ্যা কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে মশাবাহী রোগটি নিয়ে ১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের নিয়ে এখন পর্যন্ত মোট ৩৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন। তবে এই সময়ে নতুন করে কোনো প্রাণহানি হয়নি। এতে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা আট জনেই স্থির আছে।
রবিবার (১২ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে রোববার একই সময়ের মধ্যে সারাদেশে নতুন করে আরও ১৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৪ জন ঢাকায় এবং ১০ জন ঢাকার বাইরে চিকিৎসাধীন।
নতুনদের নিয়ে বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৩৫ জন ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ঢাকার ৫৩টি ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১৫ জন। এছাড়া ঢাকার বাইরে ২০ জন চিকিৎসাধীন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছরের প্রথম দিন (১ জানুয়ারি) থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত ৬৫৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ৬১৫ জন সুস্থ হয়ে ছাড়পত্র নিয়েছেন। আর চলতি বছর এডিস মশাবাহী রোগটিতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত আটজন মারা গেছেন।
প্রতিবছর বর্ষাকালে রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। ২০১৯ সালে দেশব্যাপী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ৩৫৪ জন। ওই সময়ে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছিল।
২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল। সর্বশেষ ২০২২ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৬২ হাজার ৩৮২ জন। আর এই বছরে ডেঙ্গুতে ২৮১ জন মারা গেছেন।
ইউডি/কেএস

