পথ হারিয়ে বিএনপি এখন পদযাত্রায় : ওবায়দুল কাদের
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৫:৪৫
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি পরাজয়ের ভয়ে নির্বাচনে যেতে ভয় পায়। তাই পথ হারিয়ে তারা পদযাত্রা করে বেড়াচ্ছে। আন্দোলনে জনগণ না থাকলে সেটা আন্দোলন নয়। আন্দোলনে মানুষ থাকতে হবে। তাদের আন্দোলনে নেতা-কর্মীরা আছে, সাধারণ জনগণ নেই। কারণ শেখ হাসিনার উন্নয়ন-অর্জন সারা দুনিয়ায় সমাদৃত।’
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরভার বঙ্গবন্ধু চত্বরে ২৩টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন, উপজেলা আওয়ামী লীগ কার্যালয় উদ্বোধন ও মোশাররফ-ফজিলাতুন্নিছা বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কাদের বলেন, ‘শেখ হাসিনা মানুষের জন্য নির্ঘুম রাত কাটান। জিনিসপত্রের দাম বেড়ে গেছে। আমাদের কোনও দোষ নেই। বরং আমরা বেশি টাকায় আমদানি করে কম টাকায় বিক্রি করছি। আমরা মূল্য দিচ্ছি। দোষ বড় বড় শক্তির। তারাই আজকে সারা বিশ্বকে সংকটে ফেলেছে। শেখ হাসিনা সংকট সামাল দিচ্ছেন।
‘কয়েকদিন আগে আইএমএফ বলেছে, বাংলাদেশ বিশ্বের ৩৫তম অর্থনৈতিক সমৃদ্ধ দেশ। বাংলাদেশ ঘুরে দাঁড়াবে এবং বাংলাদেশ ঘুরে দাঁড়াতে শুরু করেছে। পাকিস্তানে দুই সপ্তাহের আমদানি করার ডলার নেই। পাকিস্তান তলানিতে নেমেছে। বাংলাদেশ শ্রীলঙ্কা হবে না। বাংলাদেশ দুঃসময়ে শ্রীলঙ্কাকে ঋণ দিয়েছে। ’
তিনি বলেন, ‘আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে নির্বাচনে হারানোর কোনও শক্তি বাংলাদেশে নেই। বাংলাদেশ গণতন্ত্র, উন্নয়ন ও মুক্তিযুদ্ধের শক্তিকে বাঁচাতে হলে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় দেখতে চায় মানুষ।’
এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম, জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল উপস্থিত ছিলেন।
পরে তিনি ৪০৯ জন শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান করেন এবং কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নবনির্মিত কার্যালয় ও উপজেলার ২৩টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন।
ইউডি/এ

