ইবি ছাত্রীকে র্যাগিং, জরুরি তদন্ত কমিটি
উত্তরদক্ষিণ । বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৭:০০
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের এক নবীন ছাত্রীকে বিবস্ত্র করে রাতভর র্যাগিং ও নির্যাতনের অভিযোগ উঠেছে। শাখা ছাত্রলীগ সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরা ও তার কয়েকজন সহযোগী কর্তৃক ওই ছাত্রী নির্যাতনের শিকার হয়েছেন বলে জানা গেছে।
এ ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি এবং ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে ছাত্র ইউনিয়ন ইবি সংসদ। বুধবার (১৫ ফেব্রুয়ারি) এক সংবাদ বিবৃতিতে এই দাবি জানায় সংগঠনটি।
এদিকে এই ঘটনার প্রেক্ষিতে পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করা হয়। আগামী সাত কার্যদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
কমিটিতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার সহকারী রেজিস্ট্রার মো. আলীবদ্দীন খানকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ শর্মা, খালেদা জিয়া হল প্রভোস্ট অধ্যাপক ড. ইয়াসমিন আরা সাথী এবং বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. মুর্শিদ আলম।
ইউডি/এ

