চীন বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু: ত্রাণ প্রতিমন্ত্রী
উত্তরদক্ষিণ । বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৭:৩০
বাংলাদেশের উন্নয়নে চীন পরীক্ষিত ও বিশ্বস্ত বন্ধু বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। তিনি বলেছেন, পদ্মা সেতুসহ অনেক বড় বড় স্থাপনা নির্মাণে চীন কারিগরি ও আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে আমাদের পাশে রয়েছে।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে তার অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েনের সঙ্গে বৈঠককালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
বৈঠকে বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক রোহিঙ্গাদের তাদের দেশে প্রত্যাবর্তনে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বাংলাদেশের আশাবাদের কথা জানান এনামুর রহমান।
ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বড় ধরনের দুর্যোগে অনুসন্ধান ও উদ্ধারে সমন্বিত কার্যক্রম গ্রহণের লক্ষ্যে উচ্চমাত্রার ভূমিকম্প সহনশীল একটি স্বয়ংসম্পূর্ণ ন্যাশনাল ইমারজেন্সি অপারেশন সেন্টার প্রতিষ্ঠার কার্যক্রম গ্রহণ করা হয়েছে। চীন সরকারের আর্থিক ও কারিগরি সহায়তায় শিগগিরই এটির কার্যক্রম শুরু হবে। এ লক্ষ্যে চীন সরকারের সঙ্গে শিগগিরই বাংলাদেশ সরকারের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে বলে।
এ সময় মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান উপস্থিত ছিলেন।
বিশ্বের বৃহত্তম ব-দ্বীপ বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের ফলে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। জলবায়ুর ঘাত-প্রতিঘাত সহ্য করে কাঙ্ক্ষিত উন্নয়নের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়টি অন্তর্ভুক্ত করে সরকার সম্প্রতি ১০০ বছর মেয়াদি বাংলাদেশ ব-দ্বীপ পরিকল্পনা-২১০০ প্রণয়ন করেছে।
দুর্যোগ ঝুঁকি হ্রাসে জীবন ও সম্পদের সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমিয়ে দুর্যোগসহনীয়, টেকসই ও নিরাপদ দেশ গড়ার লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় পরিকল্পিতভাবে কাঠামোগত ও অবকাঠামোগত কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে, যা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উচ্চ আয়ের উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে সহায়ক হবে।
ইউডি/এ

