ত্রিপুরায় চলছে বিধানসভা নির্বাচন

ত্রিপুরায় চলছে বিধানসভা নির্বাচন

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১০:৫০

ইন্ডিয়ার উত্তর-পূর্ব রাজ্য ত্রিপুরায় আজ বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ত্রয়োদশ বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

সকাল ৭টা থেকে রাজ্যটির ৬০টি বিধানসভার আসনে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। আর ভোট গণনা করা হবে আগামী ২ মার্চ।

এই নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ২৮ লাখের কিছু বেশি। মোট ২৫৯ জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে। তাদের মধ্যে ২২ জন নারী প্রার্থী। মোট ভোটগ্রহণ কেন্দ্র ৩ হাজার ৩৩৭টি, এরমধ্যে স্পর্শকাতর এক হাজার ১২৮টি আসন।

আসন্ন নির্বাচনে ত্রিমুখী লড়াই হবে এই রাজ্যটিতে। একদিকে ক্ষমতাসীন দল বিজেপি ও তাদের শরিক দল ইন্ডিজিনাস পিপল ফ্রন্ট অব ত্রিপুরা (আইপিএফটি) অন্যদিকে রয়েছে বাম-কংগ্রেস জোট ও তৃণমূল কংগ্রেস।

কিছুটা লড়াই দিতে পারে টিপ্রা মোথা পার্টি। রাজ্যটির ৬০টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি ৫৫ আসনে প্রার্থী দিয়েছে, বাকি পাঁচ আসনে প্রার্থী দিয়েছে তাদের শরিক দল আইপিএফটি।

সিপিআইএম ৪৩ আসনে, টিপ্রা মোথা ৪২ আসনে, কংগ্রেস ১৩ আসনে, তৃণমূল কংগ্রেস ২৮ আসনে ও সিপিআই, আরএসপি ও ফরওয়ার্ড ব্লক ১টি করে আসনে প্রার্থী দিয়েছে। ৫৮টি আসনে প্রার্থী দিয়েছে স্বতন্ত্র দলের প্রার্থীরা।

এর আগে মঙ্গলবার বিকেল ৪টায় নির্বাচনী প্রচারণা শেষ হয়। প্রতিটি দলই ভোটারদের টানতে নিজেদের মতো করে নির্বাচনী প্রচারণা সেরেছে।

বিজেপির হয়ে প্রচারণায় অংশ নিতে দেখা গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণমন্ত্রী স্মৃতি ইরানি, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, সহ-সভাপতি দিলীপ ঘোষ, পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীসহ দলের শীর্ষ নেতারা।

তৃণমূলের হয়ে প্রচারণা চালিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জিসহ দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি।

সিপিআইমের হয়ে প্রচারণায় অংশ নিয়েছে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, প্রকাশ কারাত, বৃন্দা কারাত, মোহাম্মদ সেলিমের মতো শীর্ষ নেতারা।

তবে কংগ্রেসের হয়ে সাবেক কেন্দ্রীয় মন্ত্রী অধীর রঞ্জন চৌধুরী, দীপা দাস মুন্সিরা প্রচারণায় অংশ নিলেও দলের সাংসদ রাহুল গান্ধী বা প্রিয়াঙ্কা গান্ধীকে দলের হয়ে এই প্রচারণায় অংশ নিতে দেখা যায়নি।

মূলত রাজ্যের উন্নয়ন, উন্নত অবকাঠামো, সামাজিক সুরক্ষা, নারীদের ক্ষমতায়ন বৃদ্ধি, পুরোনো পেনশন প্রকল্পের বদল ঘটানোসহ একাধিক ইস্যুকেই এবারের নির্বাচনী প্রচারণায় হাতিয়ার করেছে রাজনৈতিক দলগুলো।

যদিও এই নির্বাচনে ক্ষমতাসীন দল বিজেপি, বিরোধী সিপিআইএম, কংগ্রেস বা তৃণমূল কেউই মুখ্যমন্ত্রী হিসেবে কাউকে সামনে রেখে নির্বাচনে লড়ছে না।

সম্প্রতি গুজরাট এবং হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঠিক করেই নির্বাচনে লড়তে দেখা গিয়েছিল বিজেপিকে। সেক্ষেত্রে ত্রিপুরায় ভিন্ন চিত্র।

নির্বাচনের এক বছর আগেই বিপ্লব দেবকে সরিয়ে সেখানে মুখ্যমন্ত্রী করা হয়েছিল ডা. মানিক সাহাকে। এই নির্বাচনে মানিক সাহার পাশাপাশি উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মা, কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক ও রাজ্যটির বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যকে প্রার্থী করেছে বিজেপি। কিন্তু কাউকেই মুখ্যমন্ত্রী হিসেবে তুলে ধরা হয়নি।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading