দেশের মানুষের ভাগ্য গড়াই আমার লক্ষ্য: প্রধানমন্ত্রী

দেশের মানুষের ভাগ্য গড়াই আমার লক্ষ্য: প্রধানমন্ত্রী

উত্তরদক্ষিণ । রবিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৩:৪৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দেশের মানুষের কল্যাণে কাজ করতে এসেছি। আমার দেশের অর্থ অন্যকে দিয়ে সেখান থেকে দুর্নীতি করব, সেই মানসিকতা আমাদের নেই। সেই শিক্ষা আমার বাবা-মা আমাকে দেননি। দেশের মানুষের ভাগ্য গড়াই আমার লক্ষ্য।’

রোববার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর কালশী বালুর মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে দুই দশমিক ৩৪ কিলোমিটার দীর্ঘ মিরপুর-কালশী ফ্লাইওভার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মিরপুর-কালশী ফ্লাইওভার উদ্বোধন প্রসঙ্গে সরকারপ্রধান বলেন, ‘ইসিবি চত্বর থেকে মিরপুর ডিওএইচএস পর্যন্ত তিন দশমিক সাত কিলোমিটার দৈর্ঘ্যের রাস্তা চার লেন থেকে ছয় লেনে উন্নীতকরণসহ দুই হাজার ৩৩৫ মিটার ফ্লাইওভার নির্মাণ করা হয়েছে। ফলে বৃহত্তর মিরপুর, পল্লবী, মাটিকাটা, মানিকদী, ভাসানটেক ও ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার সর্বস্তরের জনগণ অল্প সময়ের মধ্যে যাতায়াত করতে পারবেন; যোগাযোগ করতে পারবেন। আপনারই সবচেয়ে বেশি লাভবান হবেন।’

তিনি আরও বলেন, ‘এখান থেকে এয়ারপোর্ট উত্তরা, আবদুল্লাহপুর, মহাখালী, রামপুরার মধ্যে সড়ক যোগাযোগ উন্নত হবে এবং ঢাকা শহরের যানজট অনেকটা হ্রাস পাবে। এটা যোগাযোগ ব্যবস্থা, আর্থসামাজিক উন্নয়নের দ্বার নতুনভাবে উন্মোচিত করবে এবং পূর্ব-পশ্চিম যোগাযোগ সহজতর হবে।

‘যানবাহন কোনো প্রতিবন্ধকতা ছাড়াই চলাচল করতে পারবে। আমরা জনগণের সুবিধার দিকে লক্ষ্য রেখেই পরিকল্পনা গ্রহণ করি। নিজের নয়, মানুষের ভাগ্য গড়ার জন্য কাজ করছে বর্তমান সরকার’, বলেন তিনি।

এর আগে সকাল ১০টা ৫০ মিনিটে কালশী বালুর মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে ফলক উন্মোচনের মাধ্যমে মিরপুর-কালশী ফ্লাইওভার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে ইসিবি চত্বর থেকে মিরপুর পর্যন্ত ছয় লেনে উন্নীত হওয়া সড়কেরও উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। এরপর সেখানে মোনাজাতে অংশ নেন তিনি।

প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছলে তাকে ফুল দিয়ে বরণ করে নেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম।

এর আগে একনেক ২০১৮ সালের ৯ জানুয়ারি প্রকল্পটির অনুমোদন দেয়। এর কাজ শেষ হওয়ার কথা ছিল এ বছরের জুনে। কাজ শেষ হয়েছে প্রায় চার মাস আগেই।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading