নওয়াজুদ্দিন সিদ্দিকীর বিরুদ্ধে নতুন অভিযোগ
উত্তরদক্ষিণ । সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ২১:০০
পারিবারিক কলহের কারণে দাম্পত্য জীবন তেমন একটা সুখের কাটছে না বলিউড অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকীর। সম্প্রতি তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ এনেছেন স্ত্রী আলিয়া সিদ্দিকি। এমনকি এই অভিনেতার বিরুদ্ধে মামলারও হুমকি দিয়েছিলেন আলিয়া। এবার নওয়াজের বিরুদ্ধে আটকে রাখার অভিযোগ এনেছেন তার সন্তানদের পরিচারিকা।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনন্দবাজার পত্রিকা। প্রতিবেদনে বলা হয়, এবার নওয়াজুদ্দিন সিদ্দিকীর বিরুদ্ধে ঘরে আটকে রাখার অভিযোগ তুলেছেন তার গৃহ পরিচারিকা। আলিয়া ও তার দুই সন্তান ইন্ডিয়ায় চলে আসার পর দুবাইয়ে আটকে রয়েছেন তিনি। সেখানে তাকে কোনো টাকা-পয়সা ও খাবারও দেওয়া হয়নি। এক ভিডিওতে এসব কথাই জানান ওই পরিচারিকা।
এদিকে, দুবাইয়ে পরিচারিকাকে আটকে রেখেছেন নওয়াজ—এমন অভিযোগ তুলে একটি টুইট করেন আলিয়া সিদ্দিকির আইনজীবী রিজওয়ান। সেই টুইটেই তিনি পরিচারিকার ওই ভিডিও শেয়ার করেন। একই সঙ্গে পরিচারিকাকে ইন্ডিয়ায় ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেন রিজওয়ান।
পরিচারিকার অভিযোগ, তাকে ভুল তথ্য দিয়ে কাজে নেওয়া হয়েছিল। এক অজানা সংস্থার সেলস ম্যানেজারের পদের জন্য তাকে কাজে নিয়েছিলেন বলিউড অভিনেতা। তার পর তাকে আলিয়ার দুই সন্তানের দেখাশোনার কাজে লাগানো হয়। দুবাইয়ে লেখাপড়া করত নওয়াজ ও আলিয়ার দুই সন্তান। তাদের দেখাশোনার কাজ করতেন ওই পরিচারিকা।
তার দাবি, ভিসার মূল্য দেওয়ার অজুহাতে তাকে কখনো বেতন পর্যন্ত দেননি অভিনেতা। এমনকি দুবাইয়ে কোনো টাকা-পয়সা ও খাবার ছাড়াই তাকে ফেলে রেখে চলে গেছেন অভিনেতা।
ইউডি/এ

