স্বাধীনতা বিরোধীদের রাজনীতি করার অধিকার নেই: তথ্যমন্ত্রী
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১০:৩০
বাংলাদেশে স্বাধীনতাবিরোধীদের রাজনীতি করার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘আমরা অনেক বছর আগে রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছি। যারা স্বাধীনতার এত বছর পরেও স্বাধীনতাবিরোধীদের চিন্তা-চেতনা লালন করে, তাদের এদেশে রাজনীতি করার অধিকার নেই।’
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে আওয়ামী লীগের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, ‘স্বাধীনতার পক্ষের শক্তিগুলো যেখানে জামায়াতে ইসলামীকে বর্জন করে, বিএনপি সেখানে তাদেরকে নিয়েই রাজনীতি করে, এটাই হচ্ছে বাস্তবতা। বিএনপি স্বাধীনতাবিরোধী শক্তিকে সঙ্গে নিয়ে বিভিন্ন শহরে যে কর্মসূচি পালন করছে, তার মূল উদ্দেশ্য হলো দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা।’
এদিকে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘পঁচাত্তরের বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ যে দল গঠন করা হয়েছিল সেটা একদল নয়, সেটা ছিল জাতীয় দল। সব দলের সমন্বয়ে ওটা ছিল জাতীয় দল৷ আমি আবারও বিএনপিকে স্মরণ করিয়ে দিতে চাই, জাতীয় দল বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগে যোগদানের জন্য বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বাকশালের চেয়ারম্যান বঙ্গবন্ধু শেখ মুজিবের কাছে আনুষ্ঠানিকভাবে দরখাস্ত দিয়েছিলেন। সেই দলের প্রতিষ্ঠাতা দরখাস্ত করে যে দলে যোগ দিয়েছিল, সে দল নিয়ে কটাক্ষ করার কোনো অধিকার নেই বিএনপির।’
এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ কখনো একদলীয় শাসন কায়েম করেনি।’ এ সময় তিনি পচাত্তরের জাতীয় সরকারের উদাহরণ দেন।
বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘তারা একুশের চেতনায় বিশ্বাস করে না, তারা একাত্তরের চেতনায় বিশ্বাস করে না৷ একাত্তরের চেতনা আর একুশের চেতনা একই চেতনা।’
কাদের অভিযোগ করে বলেন, ‘আজকে বিএনপির নেতৃত্বে সাম্প্রদায়িক জঙ্গিবাদী অপশক্তি একত্রিত হচ্ছে। তাদের বিশ্বস্ত ঠিকানা হচ্ছে বিএনপি। এই অপশক্তির আগুন সন্ত্রাস অগ্নিসংযোগ রুখতে হবে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে। শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে হবে৷’
ইউডি/কেএস

