মহানগরের থানায় থানায় বিএনপির পদযাত্রা ৪ মার্চ
উত্তরদক্ষিণ । শনিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৬:৪৫
বিদ্যুৎ-গ্যাসসহ নিত্যপণ্যের দাম কমানো এবং সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে আগামী ৪ মার্চ দেশব্যাপী মহানগরের থানায় থানায় পদযাত্রা করবে বিএনপি ও সমমনা দলগুলো। এটি হবে চলমান যুগপৎ আন্দোলনের নবম কর্মসূচি।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) দেশব্যাপী ৬৩ জেলার পদযাত্রা থেকে নতুন এই কর্মসূচি ঘোষণা করা হবে। এ ছাড়া রমজানের আগে আগামী ১১ ও ১৮ মার্চও পদযাত্রা অনুষ্ঠিত হবে। তবে তখন কোথায় কোথায় পদযাত্রা হবে তা এখনো চূড়ান্ত হয়নি।
শুক্রবার বিকেলে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট এবং এলডিপির সঙ্গে বৈঠকে যুগপৎ আন্দোলনের পরবর্তী কর্মসূচির বিষয়ে এ তথ্য জানায় বিএনপি। বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে।
বৈঠক শেষে সংবাদ সম্মেলনে পরবর্তী কর্মসূচি প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘শনিবার বিভিন্ন জায়গায় যে কর্মসূচি রয়েছে, ওখান থেকে নেতারা নতুন কর্মসূচি ঘোষণা করবেন।’
তিনি বলেন, যে বিশ্বাস নিয়ে আমরা ঐক্য করেছি, যুগপৎ আন্দোলন করছি—সেই বিশ্বাসে আমরা সবাই অটুট আছি। সেই বিশ্বাস নিয়ে আমরা আগামী দিনে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাব।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে বৈঠকে ১২ দলীয় জোটের জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা, এনডিপির কারি আবু তাহের, জাতীয়তাবাদী সমমনা জোটের এনপিপির ড. ফরিদুজ্জামান ফরহাদ, জাগপার খন্দকার লুৎফর রহমান, গণদলের এটিএম গোলাম মওলা চৌধুরী, ডিএলের সাইফুদ্দিন আহমেদ মনি, বাংলাদেশ ন্যাপের এমএন শাওন সাদেকী, এলডিপির রেদোয়ান আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। বিএনপির পক্ষে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান রহমান।
ইউডি/এ

