ছাত্রদলকে রাজপথে নামতে হবে: খসরু

ছাত্রদলকে রাজপথে নামতে হবে: খসরু

উত্তরদক্ষিণ । সোমবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৯:০০

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘আন্দোলনে ছাত্রদলকে সামনের সারিতে থাকতে হবে। অনেকে বলছেন সময়ের প্রেক্ষাপটে ছাত্রদলের যে আন্দোলন প্রয়োজন সেটা ছাত্রদল এখন করতে পারছে না। সে আন্দোলন তারা দিতে পারছে না। ছাত্রদলের ভূমিকা নিয়ে অনেক জায়গা থেকে প্রশ্ন রয়েছে। রকিবুল ইসলাম বকুলকে তারেক রহমান যে দায়িত্ব দিয়েছেন আশা করছি তার মাধ্যমে ছাত্রদল আরও ভালো ভূমিকা পালন করবে। ছাত্রদলকে বলব বিভেদ ভুলে রাজপথে নামতে হবে।’

সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রহুল কবির রিজভীসহ কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে উত্তরাঞ্চলের সাবেক ছাত্রদল নেতৃবৃন্দ এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগ পুরো প্রশাসনকে দলীয়করণ করেছে। তারা বুঝেছে প্রশাসন ছাড়া টিকে থাকতে পারবে না। তারা দেশকে বাকশালে নিয়ে গেছে। তারা এখন বলছে কি খালেদা জিয়া রাজনীতি করতে পারবে, কিন্তু নির্বাচন করতে পারবে না। তারা উদ্ভট কথা বলে জনগণকে বিভ্রান্ত করছে।’

সাবেক এই মন্ত্রী বলেন, ‘অনেকে এখন আসন ভাগের কথা বলছেন, ইভিএমের কথা বলছেন ইত্যাদি। আরও অনেক বিষয় নিয়ে আলোচনা আসছে অতএব এসব আলোচনায় আমরা যাচ্ছি না। আমাদের লক্ষ্য একটাই আগে সরকারের পদত্যাগ, তারপর তত্ত্বাবধায় সরকারের অধীনে নির্বাচন হবে।’

ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন বলেন, ‘ছাত্রদলের রাজনীতি আজকে আধুনিক হওয়ার অন্যতম কারিগর রুহুল কবির রিজভী। আমরা সাবেক বর্তমান সবাই আজ তার মুক্তি দাবি করছি। আজকে সবাই আমাদের জিজ্ঞেস করে কোনো খবর আছে কি না। রাজনীতিতে খবর তৈরি হয় না, তৈরি করতে হয় ‘

বিএনপি প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, সরকার রুহুল কবির রিজভীকে ভয় পায়। তাই তাকে সহজে মুক্তি দেবে না। মুক্তি আদায় করে নিতে হবে। গণজোয়ার গণ বিপ্লবের পরিস্থিতি তৈরি করতে হবে তার মুক্তির জন্য।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন সাবেক বিএনপি নেতা খায়রুল কবির খোকন, হাবিব উন নবী সোহেল, ফজলুল হক মিলন, খায়রুল কবির খোকন, জহির উদ্দিন স্বপন, কামরুজ্জান রতন, রফিকুল ইসলাম বকুল।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading