এক মঞ্চে নাচবেন জায়েদ-নিপুণ
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ২১:৩০
‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ এর মঞ্চে একইসঙ্গে নাচতে দেখা যাবে চিত্রনায়ক জায়েদ খান, চিত্রনায়িকা নিপুণ আক্তারসহ একঝাক তারকাকে।
আগামী ৯ মার্চ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠানের আয়োজন করা হবে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) থেকে ওই অনুষ্ঠানে অংশ নেওয়া শিল্পীদের অনুশীলন শুরু হচ্ছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এই সাংস্কৃতিক অনুষ্ঠান বাস্তবায়ন করছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। সেখানেই বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে পুরস্কারের ট্রফি।
জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে বরাবরই অন্যতম আকর্ষণ থাকে সাংস্কৃতিক পর্ব। যেখানে তারকারা বিভিন্ন পরিবেশনায় উপস্থিত দর্শক মাতান। এবারও ব্যতিক্রম হচ্ছে না।
জানা গেছে, পুরস্কার প্রদানের পর এবারের আসর শুরু হবে ওয়ার্দা রিহাবের নৃত্য দিয়ে। বঙ্গবন্ধুকে ঘিরে তার বিশেষ এই নৃত্যের দৈর্ঘ্য পাঁচ মিনিট।
নৃত্য পরিবেশনায় দেখা যাবে চিত্রনায়িকা অপু বিশ্বাস, তারিন জাহান, নিপুণ আক্তার, পূজা চেরী, তমা মির্জা, জান্নাতুল ফেরদৌস ঐশী, প্রার্থনা ফারদিন দীঘি; চিত্রনায়ক সাইমন সাদিক, ইমন, নিরব ও জায়েদ খানকে।
তারা বাংলা ছবির কয়েকটি কালজয়ী গানের সঙ্গে নাচ পরিবেশন করবেন। তাদের কোরিওগ্রাফি করছেন ইভান শাহরিয়ার সোহাগ।
এ আসরে গান পরিবেশনায় থাকছেন পার্থ বড়ুয়া, সাব্বির, লিজা, নন্দিতা ও নিশিতা বড়ুয়া। পুরো আয়োজনটি উপস্থাপনা করবেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ।
করোনাভাইরাস মহামারির কারণে গত আসরে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি এই পুরস্কারে অংশ নিয়েছিলেন। তবে এবার তিনি নিজ হাতেই বিজয়ীদের পুরস্কার তুলে দেবেন। তাই সাংস্কৃতিক পর্বেও রাখা হচ্ছে বিশেষ চমক।
কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, ‘আমাদের অবহিত করা হয়েছে যে, এবার প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন। তাই ওনার কথা মাথায় রেখেই আমরা সাংস্কৃতিক আয়োজন সাজানোর চেষ্টা করছি। আগের আসরের চেয়ে ভালো করা এবং বাংলা সিনেমার স্বর্ণালী ইতিহাসের কিছুটা যেন উঠে আসে, সেই প্রচেষ্টায় আছি।’
এবারের আসরে আজীবন সম্মাননা পাচ্ছেন ইলিয়াস কাঞ্চন ও ডলি জহুর।
ইভান শাহরিয়ার সোহাগ জানান, ইলিয়াস কাঞ্চনকে ট্রিবিউট দেওয়ার ভাবনায় তার অভিনীত বিখ্যাত ছবি ‘বেদের মেয়ে জোছনা’র গানে পারফর্মেন্স থাকছে।
এছাড়া ‘পিচঢালা এই পথ’, ‘সে যে কেন এলো না’, ‘ওই দূর দূর দূরান্তে’, ‘মনেরও রঙে রাঙাবো’সহ বিভিন্ন কালজয়ী গানে নৃত্য পরিবেশন করবেন তারকারা।
ইউডি/এ

