জো বাইডেনের ক্যানসার শনাক্ত, ক্ষতিগ্রস্ত টিস্যু অপসারণ
উত্তরদক্ষিণ । শনিবার, ০৪ মার্চ ২০২৩ । আপডেট ১০:৩০
আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের শরীরে ক্যানসার শনাক্ত হয়েছে। গত মাসে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় বিষয়টি জানতে পারে ডাক্তাররা। পরবর্তীতে ক্যানসারযুক্ত একটি টিস্যু তার বুক থেকে অপসারণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউস । খবর বিবিসির।
বাইডেনের শরীর থেকে ক্যান্সারযুক্ত সমস্ত টিস্যু সরানো হয়েছে। এখন আর তার কোনো চিকিৎসার প্রয়োজন নেই। তবে তার চলমান স্বাস্থ্যসেবার অংশ হিসেবে ডার্মাটোলজিক নজরদারি চালিয়ে যাওয়া হবে বলে জানায় তার চিকিৎসকরা।
৮০ বছর বয়সী আমেরিকান প্রেসিডেন্ট শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করানো হয় গত মাসে। সে সময় হোয়াইট হাউস জানিয়েছিল, তিনি সুস্থ আছেন এবং দায়িত্ব পালন করতে পারবেন।
শুক্রবার (০৩ মার্চ) বাইডেনের চিকিৎসক কেভিন ও’কনর গণমাধ্যমে দেওয়া একটি নোটে লিখেছেন, গত ১৬ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসির বাইরে ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে বাইডেনের বুক থেকে একটি ক্ষতিগ্রস্ত টিস্যু অপসারণ করা হয়েছে।
বায়োপসি করানোর পর থেকে ওই ক্ষতস্থান ‘দারুণভাবে নিরাময়’ হয়েছে। তার আর এ–সংক্রান্ত চিকিৎসার প্রয়োজন হবে না।
কেভিন ও’কনর নোটে আরও বলা হয়েছে, পরীক্ষা-নিরীক্ষায় বাইডেনের ব্যাসাল সেল কার্সিনোমা নামে একধরনের ত্বকের ক্যানসার শনাক্ত হয়েছে। এ ক্যানসার সাধারণত ছড়ায় না বা মেটাস্টেসিস হয় না।
জানুয়ারিতে বাইডেনের স্ত্রী ফার্স্ট লেডি জিল বাইডেনের শরীর থেকেও এ ধরনের তিনটি টিস্যু অপসারণ করা হয়েছে। এর মধ্যে দুটি টিস্যু ব্যাসাল সেল কার্সিনোমা হিসেবে শনাক্ত হয়েছে। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে বাইডেনের শরীর থেকেও নন-মেলানোমা নামে ত্বকের ক্যানসারের বেশ কয়েকটি টিস্যু অপসারণ করা হয়েছিল।
ইউডি/এ

