‘সরকারের ব্যর্থতায় ঢাকা এখন বিস্ফোরণের নগরী’

‘সরকারের ব্যর্থতায় ঢাকা এখন বিস্ফোরণের নগরী’

উত্তরদক্ষিণ । বুধবার, ০৮ মার্চ ২০২৩ । আপডেট ১৪:১৫

সম্প্রতি ঢাকা ও চট্টগ্রামে বিস্ফোরণ প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘কয়েক দিন ধরে শুধু বিস্ফোরণ হচ্ছে। আমাদের দুর্ভাগ্য। বর্তমান সরকারের ব্যর্থতার কারণে ঢাকা মহানগরী একটি বিস্ফোরণের নগরীতে পরিণত হয়েছে।’

বুধবার (০৮ মার্চ) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক শোভাযাত্রা শুরুর আগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাতীয়তাবাদী মহিলা দল এ শোভাযাত্রার আয়োজন করে।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহম্মেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক নায়াবা ইউসুফ, দক্ষিণের আহ্বায়ক রুমা আক্তার প্রমুখ।

মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘গ্যাস জমে থেকে সায়েন্স ল্যাবে বিস্ফোরণে তিনজন লোক মারা গেলেন। মঙ্গলবার ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। একটি বাণিজ্যিক ভবনে বিস্ফোরণের ফলে ১৮ জন মানুষ মারা গেছেন। যাদের মধ্যে দুজন নারী রয়েছেন। এর আগে চট্টগ্রামে বিস্ফোরণ হলো, সেখানে সাতজন লোক মারা গেলেন। কেন হচ্ছে এসব? সরকারের যে ডিপার্টমেন্টগুলো রয়েছে, যাদের এগুলো দেখার কথা, নজরদারিতে রাখার কথা, তারা কোনো কাজ করে না, সব দুর্নীতির সঙ্গে জড়িত।’

তিনি বলেন, ‘বিস্ফোরণ প্রতিরোধ করার, আগুনকে প্রতিরোধ করার কোনো ব্যবস্থা না থাকার কারণে আজকে এভাবে ভয়াবহ মানুষ প্রাণ হারাচ্ছে। ঢাকা মহানগরের সবচেয়ে বিপজ্জনক একটি নগরে পরিণত হয়েছে।

‘শুধু তা-ই নয়, ঢাকা মহানগরের যে বাতাস, সেটাকে বলা হচ্ছে পৃথিবীর সবচেয়ে দূষিত বাতাস। মজার ব্যাপার হচ্ছে, ইংল্যান্ডে প্রকাশিত ইকোনমিকস পত্রিকা, তারা বলছে, দূষিত মহানগরকে ছাড়িয়ে এখন দুর্নীতির যে বাতাস এটা এখন বাংলাদেশকে পুরোপুরি গ্রাস করে ফেলছে।’

মির্জা ফখরুল বলেন, ‘আজকে আওয়ামী লীগের আমলে নারীরা যেভাবে নির্যাতিত হচ্ছেন, অতীতে কখনো এ রকম নির্যাতন হচ্ছে বলে আমার জানা নেই।’

মহিলা দলের নেত্রীদের উদ্দেশে বলেন, বোনেরা, আপনাদের আরও বেশি করে সোচ্চার হতে হবে। আরও বেশি করে সংগঠিত হতে হবে। দেশের মানুষ, বিশেষ করে মহিলাদের সংগঠিত করতে হবে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading