ছুটির দিনে সহজেই বানান মজার পুডিং
উত্তরদক্ষিণ । বুধবার, ০৮ মার্চ ২০২৩ । আপডেট ১৪:৩০
অনেক সময় পছন্দের খাবারের জন্য মন আনচান করে। কিন্তু কাজের চাপে তৈরি করা আর হয়ে ওঠে না। ছুটির দিনে কিন্তু এমন একটা খাবার রান্না করতেই পারেন। আজকের ছুটির দিনে মাত্র তিন উপকরণেই খুব সহজে ঘরেই তৈরি করতে পারেন পুডিং।
যা যা লাগবে : চিনি ৪+২ টেবিল চামচ, ডিম দুটি ও ঘন দুধ দুই কাপ।
প্রস্তুত প্রণালি : প্রথমে সামান্য পানির সঙ্গে চিনি চার টেবিল চামচ মিশিয়ে জ্বাল দিয়ে তৈরি করে নিন ক্যারামেল। এরপর নাড়তে নাড়তে যখন চিনি গলে বাদামি রঙের হয়ে যাবে তখন যে বাটিতে পুডিং বানানো হবে সে বাটিতে ক্যারামেল ঢেলে দিন। ক্যারামেল ঢেলে সেট হওয়ার জন্য রেখে দিতে হবে কিছুক্ষণ।
এবার পুডিংয়ের জন্য ডিম, দুধ ও চিনি দুই টেবিল চামচ একসঙ্গে ফুটিয়ে ছেঁকে নিন। এবার ক্যারামেল রাখা বাটিতে এই মিশ্রণ ঢেলে দিন।
এরপর হাড়িতে পানি দিয়ে তার উপরে একটি স্ট্যান্ড বসিয়ে পুডিংয়ের পাত্রটি বসিয়ে দিন। বাটির অর্ধেক যেন পানিতে ডুবে থাকে তা নিশ্চিত করুন। শুকিয়ে গেলে আবারো কয়েকবার পানি দিতে হবে। চুলার আঁচ সামান্য রেখে পুডিং তৈরি করতে হবে।
৩০-৪০ মিনিট পর টুথপিক দিয়ে দেখুন, পরীক্ষা করুন পুডিং হয়েছে কি না। যদি টুথপিক এর গায়ে পুডিং লেগে না যায় তাহলে হয়ে গেছে। এরপর নামিয়ে দুই ঘণ্টা ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর পরিবেশন করুন ঘরে তৈরি মজার পুডিং।
ইউডি/এ

