বিদ্যুৎ নিয়ে আদানির সঙ্গে চুক্তি দেশবিরোধী : মির্জা ফখরুল
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৯ মার্চ ২০২৩ । আপডেট ১৭:১৫
বিদ্যুৎ আমদানি নিয়ে ইন্ডিয়ার কোম্পানি আদানির সঙ্গে করা চুক্তি দেশবিরোধী বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘এই চুক্তি জনগণ বিরোধী। অবিলম্বে এই চুক্তি বাতিল করতে হবে।’
বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘মহা বিপর্যয়ে বিদ্যুৎ খাত : গভীর খাদে অর্থনীতি’ শীর্ষক গোল টেবিল আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। এ সভার আয়োজন করে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব)।
আদানির সঙ্গে চুক্তির পুরো বিষয়টি সরকার গোপন রেখেছে বলেও দাবি করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে বিদ্যুৎ ও জ্বালানি খাতের অনিয়ম ও দুর্নীতি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবে।’
বিএনপি মহাসচিব দাবি করেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে তারা ঠিক করে নিয়েছে বিদ্যুৎ খাত থেকে সবচেয়ে বেশি চুরি করবে। আর তারা যা করে সেটা পরিকল্পিতভাবেই করে।’
মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় এসে বলতে শুরু করল বিদ্যুৎ খাতে বিএনপি সরকার কিছুই করেনি, শুধু খাম্বা তৈরি করেছে। কিন্তু বিদ্যুৎ উৎপাদনের জন্য কোনো ব্যবস্থা নেয়নি। এসব বলে জায়েজ করল, তারা বিদ্যুৎ উৎপাদন করবে। কুইক রেন্টাল, পাওয়ার প্লান্ট প্রকল্প জায়েজ করার জন্য তারা এসব প্রোপাগান্ডা শুরু করল।
‘লুট আর লুট, এখানে আর কিছু নেই’— উল্লেখ করে তিনি বলেন, ‘এটাকে ঠেকানোর জন্য, বাংলাদেশের মানুষকে বাঁচানোর জন্য আজ সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সব রাজনৈতিক দলকে এগিয়ে আসতে হবে। সিভিল সোসাইটিকে এগিয়ে আসতে হবে, ব্যক্তিকে এগিয়ে আসতে হবে। এছাড়া আমাদের বাঁচার কোনো পথ নেই।’
গোল টেবিল আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকৌশলী হাসিন আহমেদ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রকৌশলী কেএম আসাদুজ্জামান চুন্নু। সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু।
এছাড়াও বক্তব্য রাখেন বিএনপির সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শাম্মী আক্তার, সহ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল, বাংলাদেশ পেশাজীবী সমন্বয় পরিষদের সদস্য সচিব কাদের গণি চৌধুরী প্রমুখ।
ইউডি/এ

