বিশ্বকাপ ফাইনালের গ্লাভস বিক্রি করলেন মার্টিনেজ

বিশ্বকাপ ফাইনালের গ্লাভস বিক্রি করলেন মার্টিনেজ

উত্তরদক্ষিণ । শনিবার, ১১ মার্চ ২০২৩ । আপডেট ১৬:০০

কাতার বিশ্বকাপের যাত্রাটা দুঃস্বপ্ন দিয়ে শুরু হলেও শেষ পর্যন্ত শিরোপা নিয়েই বাড়ি ফিরে আর্জেন্টিনা ফুটবল দল। দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপের সোনালী ট্রফি জেতে আলবিসেলেস্তেরা।

ফাইনালে ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক এমিলিয়ানো মার্টিনেজ। শিরোপা নির্ধারণী ম্যাচ টাইব্রেকারে গড়ানোর আগে ফ্রান্সের কোলো মুয়ানির নেওয়া একটি শট সেভ করেন মার্তিনেজ। টাইব্রেকারেও গুরুত্বপূর্ণ আরেকটি শট সেভ করেন।

২০২২ কাতার বিশ্বকাপে ব্যবহার করা লাল ও হালকা সাদা রংয়ের ওই গ্লাভস জোড়া তাই মার্তিনেজ নিজের কাছে স্মারক হিসেবে রেখে দেওয়ার কথা। কিন্তু আর্জেন্টিনার ‘দিবু’ নামেও পরিচিত এই গোলকিপার তা করেননি। বরং ক্যানসার আক্রান্ত শিশুদের কথা ভেবে বিশ্বকাপে সেরা গোলকিপারের পুরস্কার ‘গোল্ডেন গ্লাভস’ জয়ী মার্টিনেজ সেই গ্লাভস জোড়া নিলামে তুলেছিলেন।

এএফপির প্রতিবেদনে জানা যায়, কাতার বিশ্বকাপ ফাইনালে টাইব্রেকারে মার্টিনেজ যে গ্লাভস জোড়া পরেছিলেন, শুক্রবার তা নিলামে ৪৫ হাজার ডলারে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৭ লাখ ১৯ হাজার টাকা) বিক্রি হয়েছে।

গ্লাভস বিক্রির পুরো টাকাটা পাবে আর্জেন্টিনার গ্রারাহান হাসপাতালের ক্যানসার ওয়ার্ড। দেশটিতে শিশুদের প্রধান হাসপাতাল এটি। সেই হাসপাতালের ক্যানসার ওয়ার্ডে টাকাটা দেওয়া হবে।

আর্জেন্টিনার পেডিয়াট্রিক ফাউন্ডেশন ইনস্টাগ্রামে বিষয়টি নিশ্চিত করেছে, ‘গ্রারাহানের ছেলেদের সাহায্যের জন্য দিবুর গ্লাভস ৪৫ হাজার ডলারে বিক্রি হয়েছে।’

শুক্রবার গ্লাভস জোড়া নিলামে তোলার সময় ইংল্যান্ড থেকে ভিডিও কলে যোগ দিয়েছিলেন এমিলিয়ানো মার্তিনেজ।

কাতার বিশ্বকাপের ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। এর আগে অতিরিক্ত সময় পর্যন্ত ম্যাচটি ৩-৩ গোলে অমীমাংসিত ছিল।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading