পঞ্চগড়ের ঘটনা ঢাকা ও লন্ডন থেকে মনিটর করা হয়েছে: তথ্যমন্ত্রী
উত্তরদক্ষিণ । রবিবার, ১২ মার্চ ২০২৩ । আপডেট ১৯:১৫
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘কাদিয়ানী সম্প্রদায়ের বাড়িঘর ও দোকানপাঠে হামলা অগ্নিসংযোগের ঘটনা ঢাকা ও লন্ডন থেকে মনিটর করে ঘটানো হয়েছে। রাসুল (সা.)-এর ইসলাম কখনো অন্যের ঘরবাড়ি পোড়ানোর কথা বলেনি, যারা এই ঘটনা ঘটিয়েছে তারা ইসলামের শত্রু রাজাকারের উত্তরসূরী।’
তিনি বলেন, ‘‘এই ঘটনার আগে শিবির পরিচালিত ‘বাঁশেরকেল্লা’ এবং ‘কাদিয়ানি ঠেকাও’ নামে ফেসবুক পেজ থেকে উস্কানি ছড়ানো হয়। সেই সঙ্গে বিএনপির সাবেক সংসদ সদস্য হারুন অর রশিদ এবং রুমিন ফারহানার আইডি থেকেও উস্কানি ছড়ানো হয়। তাছাড়া স্থানীয় বিএনপি জামায়াতের নেতা-কর্মীরা ভিতরে ভিতরে উস্কানি দিয়েছে। পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোটরসাইকেল নিয়ে গুজব ছড়িয়েছে।’’
ড. হাছান মাহমুদ রোববার (১২ মার্চ) বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলার ফুলতলা শালশিরি এলাকায় কাদিয়ানী সম্প্রদায়ের পুড়ে যাওয়া ও ক্ষতিগ্রস্থ বাড়িঘর পরিদর্শন শেষে আহমদিয়া সম্প্রদায়ের মানুষজনের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন।
এ সময় রেলপথমন্ত্রী এডভোকেট নূরুল ইসলাম সুজন, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, বাংলাদেশ আওয়ামী লীগের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম, পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা, কাদিয়ানীদের সালানা জলসা আয়োজন কমিটির আহ্বায়ক আহমেদ তবশির চৌধুরীসহ জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিল।
ইউডি/এ

