ঢাকার যানজট সমস্যা নয়, রীতিমতো চ্যালেঞ্জ : মেয়র আতিক

ঢাকার যানজট সমস্যা নয়, রীতিমতো চ্যালেঞ্জ : মেয়র আতিক

উত্তরদক্ষিণ । বুধবার, ১৫ মার্চ ২০২৩ । আপডেট ১৯:০০

ঢাকার যানজট সমস্যা নয়, এটি রীতিমতো একটি চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। ওয়াশিংটন ডিসির বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ে দুই দিনব্যাপী ট্রান্সপোর্টেশন সামিটের প্রথম দিন এ বিষয় তুলে ধরেন তিনি। বুধবার (১৫ মার্চ) ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন বিষয়টি জানান।

সামিটে মেয়র আতিকুল ইসলাম বলেন, রাজধানী শহর ঢাকার যানজট মূলত সমস্যা নয়, এটি রীতিমতো একটি চ্যালেঞ্জ। জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিনই ঢাকায় মানুষ আসছে। অধিকাংশই রিকশাচালক কিংবা হকার হিসেবে কাজ করছে। তাদের নিয়ন্ত্রণ রীতিমতো একটি চ্যালেঞ্জ, তাই দরকার সমন্বিত ব্যবস্থাপনা।

তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য মেগা সিটির গণপরিবহন ব্যবস্থার সংকট উত্তরণের উপায় ও জ্বালানি সাশ্রয়ী আগামীর পরিবহন ব্যবস্থা চালু করা। ঢাকায় মেট্রোরেল চালু হয়েছে, বাস রুটে র‌্যাশনালাইজেশনের মাধ্যমে সিটি বাস সার্ভিসকে নিয়মের মধ্যে আনার চেষ্টা চলছে। পরবর্তী ধাপে ঢাকার রাস্তায় জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব ইলেকট্রিক বাস নামানোর পরিকল্পনা রয়েছে। মেট্রোরেলের স্টেশন কেন্দ্রিক করিডোর ব্যবস্থাপনার জন্য ডিএনসিসিকে প্রায় ১৬০০ কোটি টাকার ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক।

ডিএনসিসি মেয়র বলেন, ঢাকা শহরের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জনসংখ্যা ঘনত্ব। ঢাকার জনসংখ্যার ঘনত্ব ৪৯০০ বর্গ কি.মি। জলবায়ু পরিবর্তনের কারণে ঢাকা শহরে প্রতিদিন প্রায় ২ হাজার মানুষ প্রবেশ করছে। যা নিয়ন্ত্রণ করা কষ্টকর। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতায় প্রায় দেড় কোটি মানুষের জন্য মাত্র ৭ শতাংশ রাস্তা রয়েছে। যেখানে দরকার ন্যূনতম ২৫ শতাংশ। ঢাকার রাস্তায় যানবাহনের গড় গতি ঘণ্টায় মাত্র ৬ কিলোমিটার, ফলে উৎপাদনশীলতা হ্রাস পাচ্ছে।

মেয়র আতিকুল ইসলাম বলেন, ঢাকায় বাসের তুলনায় ব্যক্তিগত গাড়ির সংখ্যা ৩৩ গুণ বেশি। আমি কিছু স্বল্পমেয়াদি এবং মধ্য মেয়াদি পদক্ষেপ নিয়েছি। আমরা ঢাকার বাস রুটরেশনালাইজেশনে ২৪টি রুটে ২২টি কোম্পানির বাস পরিচালনার পরিকল্পনা নিয়েছি।

এছাড়াও সম্মেলন থেকে অন্তর্ভুক্তিমূলক গণপরিবহন ব্যবস্থাপনার জন্য পথচারীবান্ধব ফুটপাত, প্রতিটি সড়কে আলাদা সাইকেল লেন করাসহ বেশকিছু সুপারিশ উঠে আসে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংক-এর ট্রান্সফর্মিং ট্রান্সপোর্টেশন এর ২০তম সম্মেলন উপলক্ষ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রের নেতৃত্বে একটি দল ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছেন।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading