নিউজিল্যান্ডে বেতন বৃদ্ধির দাবিতে ৫০ হাজার শিক্ষকের ধর্মঘট
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩ । আপডেট ১৭:৪৫
নিউজিল্যান্ডে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে প্রায় ৫০ হাজার শিক্ষক ধর্মঘট করেছেন। শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে ইউনিয়নের আলোচনার পর এ ধর্মঘটের ডাক দেন তারা। ইয়াহু নিউজের এক প্রতিবেদনে পাওয়া গেছে এ তথ্য।
বৃহস্পতিবার (১৬ মার্চ) ধর্মঘট কর্মসূচিতে ভালো বেতন-ভাতার দাবি জানান শিক্ষকরা। এসময় অনেকের হাতে ছিল ‘দাঁতের চিকিৎসা করার সামর্থ্য নেই’ লেখা সম্বলিত বিভিন্ন প্লেকার্ড।
দেশব্যাপী একদিনের ধর্মঘটে কিন্ডারগার্টেন, প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা অংশ নেন। এতে এদিন শিক্ষা কার্যক্রম বন্ধ ছিল।
যুক্তি তুলে ধরে ট্রেড ইউনিয়ন বলেছে, সরকারের সর্বশেষ বেতন প্রস্তাব মূল্যস্ফীতির সঙ্গে মেলে না। শিক্ষক সংকটের কারণে দেশের শিক্ষা খাত ‘সঙ্কটের মুখে’ পড়েছে।
পোস্ট প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশনের ক্রিস অ্যাবারক্রম্বি বলেন, ‘মানমসম্মত শিক্ষা মানুষের মৌলিক অধিকার। দুঃখজনকভাবে শিক্ষক হিসেবে আমরা সেই অধিকার ধীরে ধীরে এবং নিশ্চিতভাবে অবমূল্যায়ন করতে দেখছি।’
তিনি বলেন, ‘অভিজ্ঞতাসম্পন্ন স্টাফ রাখতে এবং স্নাতক ডিগ্রিধারীদের এ পেশায় আনতে শিক্ষকদের বেতন ও কাজের অবস্থার উন্নতি অপরিহার্য।’
নিউজিল্যান্ড এডুকেশনাল ইনস্টিটিউটের প্রেসিডেন্ট মার্ক পটার বলেন, সরকারের কাছে একটা বার্তা পাঠাতে চান শিক্ষকরা। সেটা হলো, শিক্ষা খাতে পরিবর্তন আনার প্রয়োজনীয়তা কতটা তা গুরুত্বসহকারে দেখছেন তারা।
তিনি বলেন, আমরা সবাই শিক্ষার্থীদের সেরাটা চাই। কিন্তু পদ্ধতির পরিবর্তন ছাড়া তাদের কিছু দিতে পারি না।
শিক্ষামন্ত্রী জ্যান টিনেটি জানান, শিক্ষকদের ধর্মঘট দেখে তিনি হতাশ হয়েছেন। এ বিরোধ দ্রুত সমাধান করতে চান তিনি।
ইউডি/এ

