বান্দরবানে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ছয়, আহত ১২
উত্তরদক্ষিণ । সোমবার, ২০ মার্চ ২০২৩ । আপডেট ২১:৩০
বান্দরবানের রুমা উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ছয় জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন।
সোমবার (২০ মার্চ) দুপুর দেড়টার দিকে উপজেলার বগালেক সড়কের ঢালু পথে ট্রাক নামার সময় সংঘর্ষের এ ঘটনা ঘটে।
রুমা উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন শিবলী এসব তথ্য নিশ্চিত করেছেন।
হতাহতের পরিচয় এখনো জানা যায়নি। তবে হতাহতরা উপজেলার থাইক্ষ্যং পাড়া ও চুনচুন পাড়ার বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে বগালেকের ঢালু রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে চার জন; পরে আরও দুই জনের মৃত্যু হয়। আহত হয়েছেন ১২ জন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে রুমা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। আহত সাত জনের অবস্থা আশঙ্কাজনক।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, রুমা বগালেক থেকে আসার সময় দুটি ট্রাকের সংঘর্ষে ঘটনায় এই হতাহতের ঘটনা ঘটে। আহত ১২ জনকে উদ্ধার করে রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ইউডি/এ

