ক্যাম্পে ঢুকে দুই রোহিঙ্গাকে গুলি করে হত্যা
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩ । আপডেট ২০:০০
কক্সবাজারের উখিয়ায় ক্যাম্পে ঢুকে দুই রোহিঙ্গাকে গুলি করে হত্যা করেছে দুস্কৃতিকারীরা। গুলিতে আহত হয়েছেন আরও একজন।
মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে ক্যাম্প-১৩ তে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।
নিহত দুজনের নামই রফিক উদ্দিন। তারা ক্যাম্প-১৩ এর বাসিন্দা। তাদের আনুমানিক বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে।
ওসি মোহাম্মদ আলী বলেন, বেলা একটার দিকে ক্যাম্প-১৩ তে একদল দুষ্কৃতিকারী এসে এলোপাতাড়ি গুলি ছুঁড়তে থাকে। এতে ঘটনাস্থলেই রফিক নামে এক রোহিঙ্গা মারা যান। আহত হন দুইজন। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন। তার নামও রফিক। গুলিবিদ্ধ আরেক রোহিঙ্গাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কে কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সন্ত্রাসীদের ধরতে পুলিশ ক্যাম্পে অভিযান চালাচ্ছে।
ইউডি/এ

