আমেরিকার সংগ্রহ করা তথ্যগুলো ‘পক্ষপাতদুষ্ট’: হাছান মাহমুদ

আমেরিকার সংগ্রহ করা তথ্যগুলো ‘পক্ষপাতদুষ্ট’: হাছান মাহমুদ

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩ । আপডেট ১৩:৩০

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশের মানবাধিকার, নির্বাচন ও গণতন্ত্র নিয়ে আমেরিকার সংগ্রহ করা তথ্যগুলো ‘পক্ষপাতদুষ্ট’।

বুধবার (২২ মার্চ) সকালে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্স ও বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ড. হাছান বলেন, ‘সরকারবিরোধী এবং পক্ষপাতদুষ্ট বিভিন্ন সূত্র থেকে তারা (আমেরিকা) তথ্যগুলো সংগ্রহ করেছে। অবশ্যই তাদের পুরো প্রতিবেদন প্রত্যাখ্যান করছি না। কারণ, সেখানে অনেক ভালো কথাও বলা আছে। তবে সার্বিকভাবে মানবাধিকার, নির্বাচন এবং গণতন্ত্র সংক্রান্ত বিষয়গুলোতে পক্ষপাতদুষ্টতা রয়েছে।’

মন্ত্রী বলেন, ‘প্রথমত আমেরিকার যে প্রতিবেদন সেটি আসলে একপেশে এবং পক্ষপাতদুষ্ট। সরকারবিরোধী বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানের পক্ষ থেকে তারা তথ্যগুলো সংগ্রহ করেছে। এছাড়াও আরও বিভিন্ন সূত্র রয়েছে। তাদের সূত্রগুলোও পক্ষপাতদুষ্ট।

‘নির্বাচন নিয়ে যে কথা সেটি হচ্ছে আমেরিকার নির্বাচন নিয়েও তো অনেক প্রশ্ন আছে। ডোনাল্ড ট্রাম্প তো এখনো নির্বাচনের পরাজয় মেনে নেননি। সেটার পরিপ্রেক্ষিতে ট্রাম্পের নেতৃত্বে যেভাবে ক্যাপিটাল হিলে হামলা হয়েছে তেমন ন্যাক্কারজনক ঘটনাতো বাংলাদেশে কখনো ঘটেনি’, বলেন তথ্যমন্ত্রী।

ড. হাছান মাহমুদ বলেন, ‘নির্বাচন নিয়ে প্রশ্ন করার আগে, প্রশ্ন তোলার আগে তাদের (আমেরিকা) নির্বাচনী ব্যবস্থা নিয়ে যে প্রশ্নগুলো আছে বা তাদের নির্বাচন-পরবর্তী ক্যাপিটাল হিলে হামলার যে ঘটনাগুলো দিকে তাদের তাকানো প্রয়োজন বলে আমি মনে করি। এখন দেখতে হবে, ভবিষ্যতে অন্য কোনো বড় দেশ আমেরিকার মানবাধিকার বা নির্বাচনী ব্যবস্থা নিয়ে প্রতিবেদন দেয় কি না।’

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘আমেরিকা মাঝেমধ্যে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে কথা বলে। দেখুন, আমেরিকায় বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সবচেয়ে বেশি। ২০১৩ থেকে ২০১৯ সাল পর্যন্ত দেশটিতে পুলিশের গুলিতে সাত হাজার ৬৬৬ জন নিহত হয়েছেন। ২০২০ সালে ৯৯৬ জন। ২০২১-২২ সালে গড়ে এক হাজার জন। যে দেশে বছরে গড়ে এক হাজার মানুষ পুলিশের গুলিতে মারা যায় সে দেশের সরকার অন্য দেশের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে প্রশ্ন তোলার নৈতিক অধিকার কতটুকু রাখে, সেটিই হচ্ছে প্রশ্ন।’

মতবিনিময় অনুষ্ঠানে বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের মতিউর রহমান তালুকদার, বজলুর রহমান মিলন, খায়রুল ইসলাম, তানভীর হোসাইন, আমিনুল ইসলাম, আব্দুল গফুর, রফিকুল ইসলাম, হাবিবুল্লাহ, শাহাদাত হোসেন, আব্দুল কাদির, হামিদুর রশিদ খান, বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজ পেপার প্রেস ওয়ার্কার্সের আলমগীর হোসেন খান, শামীম চৌধুরী, কামাল উদ্দিন, রাজ্জাক পাটোয়ারি, এ এইচ এম নাজমুল আহসান, মোস্তাক আহমদ, তাজাম্মেল হক, ইফসুফ আলী, আবদুল মান্নান, আতিউর রহমান ও লিয়াকত আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading