আমেরিকার যুদ্ধবিমান আটকে দিল রাশিয়া
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩ । আপডেট ১৩:৪৫
বাল্টিক সাগরে রুশ আকাশসীমায় আমেরিকার দু’টি যুদ্ধবিমান প্রবেশ করার চেষ্টা করেছে বলে অভিযোগ করেছে মস্কো। রাশিয়ার একটি সুখোই-৩৫ এস যুদ্ধবিমান আমেরিকার ওই দুটি যুদ্ধবিমানকে রুখে দিয়েছে বলে জানিয়েছে রাশিয়া। গত সোমবার (২০ মার্চ) এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রুশ সুখোইয়ের তৎপরতায় রাশিয়ার সীমান্ত বরাবর উড়তে থাকা আমেরিকান বি-৫২এইচ স্ট্র্যাটেজিক বোম্বার দু’টি গতিপথ বদলে ফেলতে বাধ্য হয়।
রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম তাস জানিয়েছে, গত সোমবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন ন্যাশনাল ডিফেন্স কন্ট্রোল সেন্টারের রাডারে বাল্টিক সাগরে রাশিয়ার সীমান্ত বরাবর উড়তে থাকা আমেরিকান আকাশযান দু’টি শনাক্ত হয়। এ সময় আমেরিকান যুদ্ধবিমানের দ্বারা রাষ্ট্রীয় সীমান্ত লঙ্ঘন প্রতিরোধ করতে দ্রুত সুখোই যুদ্ধবিমান পাঠানো হয়।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে রুশ সংবাদমাধ্যমটি আরও জানায়, তাদের যুদ্ধবিমানটি আন্তর্জাতিক আকাশসীমা লঙ্ঘন করেনি। বিদেশি যুদ্ধবিমান দু’টিকে তাড়িয়ে দিয়ে সেটি রুশ ঘাঁটিতে ফিরে আসে।
ইউডি/এ

