ইউরোপের জন্য রাশিয়া সবসময়ই গুরুত্বপূর্ণ : অস্ট্রিয়ান পররাষ্ট্রমন্ত্রী

ইউরোপের জন্য রাশিয়া সবসময়ই গুরুত্বপূর্ণ : অস্ট্রিয়ান পররাষ্ট্রমন্ত্রী

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩ । আপডেট ২২:০০

ইউরোপের জন্য রাশিয়া সবসময়ই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার শ্যালেনবার্গ।

এ বছরের শুরুতে আমেরিকার নিষেধাজ্ঞা কর্তৃপক্ষ রাশিয়ার সঙ্গে অর্থনৈতিক লেনদেন রাখার অভিযোগে অস্ট্রিয়ার রাইফিসেন ব্যাংকের বিরুদ্ধে তদন্ত শুরু করে। এরই পরিপ্রেক্ষিতে রয়টার্সকে এক সাক্ষাৎকারে এ কথা বলেন আলেকজান্ডার শ্যালেনবার্গ। বুধবার (২২ মার্চ) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

দেশটির দ্বিতীয় বৃহত্তম ব্যাংক, রাইফিসেন ব্যাংক ইন্টারন্যাশনালের পক্ষেও কথা বলেছেন তিনি। তিনি বলেছেন, ‘রাশিয়ার সঙ্গে অর্থনৈতিক লেনদেন বজায় রাখার কারণে ব্যাংকটির বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া অযৌক্তিক, কেননা আরও বেশ কিছু পশ্চিমা সংস্থাও একই কাজ করছে।’

তিনি বলেন, ‘সত্যিকার অর্থে নিষেধাজ্ঞা আরোপের পরেও প্রায় ৯১ শতাংশ পশ্চিমা সংস্থা রাশিয়ার সঙ্গে ব্যবসায়িক লেনদেন চালু রেখেছে।’

রয়টার্সকে শ্যালেনবার্গ বলেন, ‘রাশিয়া আর থাকবে না, এমন চিন্তা করা অবান্তর। আমরা চাই অথবা না চাই, দস্তয়েভস্কি এবং চাইকোভস্কি সবসময়ই ইউরোপের সংস্কৃতিতে মিশে থাকবে। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম পারমানবিক শক্তি হিসেবে রাশিয়া বিরাজ করবে। রাতারাতি রাশিয়ার সঙ্গে অস্ট্রিয়ার সম্পর্ক শিথিল হওয়া সম্ভব নয়।’

প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে একটি সেতুবন্ধন হিসেবে নিজেকে তুলে ধরেছে অস্ট্রিয়া। রাজধানী ভিয়েনাকে রুশ অর্থের জন্য আকর্ষণীয় করে তুলছে। একইসঙ্গে ইউক্রেনে আক্রমণের পর রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা পশ্চিমা জোটেরও সদস্য ভিয়েনা।

রাশিয়া থেকে এখনও গ্যাস আমদানি বজায় রেখেছে অস্ট্রিয়া। যদিও আগামীতে এই আমদানির পরিমাণ কমানোর প্রচেষ্টায় রয়েছে দেশটি।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading