মিয়ানমার জান্তার ওপর আসছে আরও নিষেধাজ্ঞা
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩ । আপডেট ১৯:১৫
মিয়ানমারের সামরিক জান্তার ওপর আসন্ন সপ্তাহগুলোতে আরও নিষেধাজ্ঞা জারি করবে আমেরিকা। বুধবার (২২ মার্চ) আমেরিকার মন্ত্রণালয়ের এক সিনিয়র কর্মকর্তা এ কথা জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে এ খবর।
ইন্দোনেশিয়ার জাকার্তায় আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাউন্সেলর ডেরেক চলেট বলেছেন, এই নিষেধাজ্ঞার ফলে মিয়ানমারের সামরিক জান্তার পক্ষে অস্ত্র কিনতে রাজস্ব আয় আরও কঠিন করে তুলবে।
তিনি বলেন, আমরা জান্তার ওপর চাপ জারি রাখতে অঙ্গীকারবদ্ধ। আমরা তাদের রাজস্ব আয় কঠিন করে তুলতে চাই, যে রাজস্ব তারা জনগণের বিরুদ্ধে অস্ত্র কেনায় কাজে লাগাচ্ছে।
দক্ষিণপূর্ব এশিয়ার দেশটি ব্যর্থ রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি।
২০২১ সালে মিয়ানমারের বেসামরিকদের দ্বারা নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এরপর থেকে জান্তার বাহিনী ভিন্নমতালম্বী ও গণতন্ত্রপন্থীদের ওপর কঠোর দমন-পীড়ন চালিয়ে আসছে।
ইতোমধ্যে আমেরিকা এবং অপর পশ্চিমা দেশগুলো মিয়ানমারের সামরিক সরকারের একাধিক সিনিয়র কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। সামরিক সরকারের সংস্থা, সেনাবাহিনী পরিচালিত কোম্পানিও নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। এসব নিষেধাজ্ঞার ফলে সেনাবাহিনীর রাজস্ব আয় কমে এসেছে।
চলেট বলেছেন, এখন পর্যন্ত আমেরিকা মিয়ানমারের ৮০ ব্যক্তি ও ৩০টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। মিয়ানমারে সংঘাত নিরসনের একটি সমাধান হলো রাশিয়াকে অবশ্যই জান্তাকে অস্ত্র সরবরাহ বন্ধ করতে হবে।
ইউডি/এ

