কিউএস র‌্যাংকিং: সেরা ৫০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় বুয়েট ও ঢাবি

কিউএস র‌্যাংকিং: সেরা ৫০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় বুয়েট ও ঢাবি

উত্তরদক্ষিণ । সোমবার, ২৭ মার্চ ২০২৩ । আপডেট ১৬:৪৫

চলতি সপ্তাহে প্রকাশিত কিউএস বিষয়ভিত্তিক বিশ্ববিদ্যালয়ের র‍্যাংকিংয়ে বাংলাদেশ থেকে শুধু বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) স্থান পেয়েছে। তবে এ তালিকায় বিভিন্ন ক্যাটাগরিতে সেরা ৫০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে ইন্ডিয়ার ৪১টি ও পাকিস্তানের ১১টি বিশ্ববিদ্যালয়।

বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় এমন ৫৪টি বিষয়কে পাঁচ ক্যাটাগরিতে ভাগ করে সম্প্রতি এ র‍্যাংকিং প্রকাশ করেছে কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিং। এ বছর মোট এক হাজার ৫৯৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৫ হাজার ৭০০টির বেশি একাডেমিক প্রোগ্রামের মর্যাদা ও গবেষণাকে বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয়গুলোকে র‍্যাংকিংয়ে স্থান দেওয়া হয়েছে।

এবারের র‍্যাংকিংয়ে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরিতে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) ৬৪ দশমিক ৪ স্কোর নিয়ে ৩৩৫তম স্থানে আছে। ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরিতে বিশ্বসেরা তিন বিশ্ববিদ্যালয় হলো- এমআইটি, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অব কেমব্রিজ।

সোশ্যাল সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট ক্যাটাগরিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৪৫১-৫০০ এর মধ্যে। সোশ্যাল সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট ক্যাটাগরিতে সেরা তিন বিশ্ববিদ্যালয় হলো হার্ভার্ড, অক্সফোর্ড ও স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি।

অন্যান্য ক্যাটাগরিগুলো হলো- আর্টস অ্যান্ড হিউম্যানিটিস, লাইফ সায়েন্স অ্যান্ড মেডিসিন, ন্যাচারাল সায়েন্স। এই তিন ক্যাটাগরিতে দেশের কোনো বিশ্ববিদ্যালয়ের স্থান হয়নি।

এদিকে, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরিতে ইন্ডিয়ার ১৪টি ও পাকিস্তানের ছয়টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এ ক্যাটাগরিতে প্রথম ১০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইন্ডিয়ার আছে পাঁচটি। পাকিস্তানের পাঁচটি বিশ্ববিদ্যালয় আছে প্রথম ৫০০টির মধ্যে।

আর্টস অ্যান্ড হিউম্যানিটিস ক্যাটাগরিতে ইন্ডিয়া তিন বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। লাইফ সায়েন্স অ্যান্ড মেডিসিন ক্যাটাগরিতে ইন্ডিয়ার চারটি ও পাকিস্তান একটি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। ন্যাচারাল সায়েন্স ক্যাটাগরিতে ইন্ডিয়ার ১০টি ও পাকিস্তানের তিনটি করে বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।

এ ছাড়া, সোশ্যাল সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট ক্যাটাগরিতে ইন্ডিয়ার ১০টি ও পাকিস্তানের দুটি বিশ্ববিদ্যালয়ের নাম এসেছে। আর্টস অ্যান্ড হিউম্যানিটিস ক্যাটাগরিতে বিশ্বসেরা তিন বিশ্ববিদ্যালয় হার্ভার্ড ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব কেমব্রিজ ও ইউনিভার্সিটি অব অক্সফোর্ড।

লাইফ সায়েন্স অ্যান্ড মেডিসিন ক্যাটাগরিতে বিশ্বসেরা তিন বিশ্ববিদ্যালয় হার্ভার্ড ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব অক্সফোর্ড ও জন হপকিনস ইউনিভার্সিটি। ন্যাচারাল সায়েন্স ক্যাটাগরিতে হার্ভার্ড, এমআইটি ও কেমব্রিজ ইউনিভার্সিটি প্রথম তিন স্থান অধিকার করেছে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading