মোদির জন্মদিনে আনা আটটি চিতার একটির মৃত্যু
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩ । আপডেট ১৪:১৫
নামিবিয়া থেকে ইন্ডিয়ায় আনা আটটি চিতার মধ্যে একটির মৃত্যু হয়েছে। ১৭ সেপ্টেম্বর দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭২তম জন্মদিনে ওই চিতাগুলোকে মধ্য প্রদেশের কুনো অভয়ারণ্যে ছেড়ে দেওয়া হয়েছিল। তার ছয় মাস পর অসুস্থ হয়ে মৃত্যু হলো একটি স্ত্রী চিতার।
কুনো জাতীয় উদ্যান সূত্রে জানা যায়, মৃত স্ত্রী চিতাটির নাম ‘সাশা’। অভয়ারণ্যে সাশার জন্য তৈরি ঘেরাও করা নির্দিষ্ট জায়গার মধ্যেই সোমবার (২৭ মার্চ) মৃত অবস্থায় পাওয়া যায় তাকে।
মধ্য প্রদেশের বন দপ্তর জানিয়েছে, সাশা গুরুতর অসুস্থ বলে জানুয়ারি মাসেই চিকিৎসকরা জানিয়েছিলেন। সেই সময় থেকেই শরীরে পানির ঘাটতি জনিত সমস্যা বা ডিহাইড্রেশনে ভুগছিল সে। একই সঙ্গে তার শরীর থেকে তরল বিয়োগের স্বাভাবিক প্রক্রিয়াও ব্যাহত হচ্ছিল। কিডনির সমস্যায় ভুগছিল সে।
যদিও অন্য একটি সূত্রের দাবি, সাশাকে নামিবিয়া থেকে আনার আগেই এই কিডনিজনিত রোগে আক্রান্ত হয়েছিল সে।
ইন্ডিয়ায় চিতার বংশবৃদ্ধির জন্যই নামিবিয়া থেকে পাঁচটি স্ত্রী চিতা এবং তিনটি পুরুষ চিতা আনা হয়েছিল। তার মধ্যেই একটি স্ত্রী চিতার মৃত্যু হলো। ফলে মধ্য প্রদেশের কুনো অভয়ারণ্যে এখন বাকি রইল চারটি স্ত্রী চিতা এবং তিনটি পুরুষ চিতা।
ইউডি/এ

