ধর্ষণ মামলা থেকে সাবেক এমপি আরজুকে অব্যাহতি
উত্তরদক্ষিণ । বুধবার, ২৯ মার্চ ২০২৩ । আপডেট ২০:৪৫
আওয়ামী লীগ দলীয় পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজু ওরফে ফারুককে ধর্ষণ মামলা থেকে অব্যাহতির আদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।
বুধবার (২৯ মার্চ) মামলাটির অভিযোগ গঠনের জন্য দিন ধার্য ছিল। এদিন মামলা থেকে আসামিকে অব্যাহতি দিলে কোনো আপত্তি থাকবে না বলে আদালতকে জানায় বাদী। শুনানি শেষে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ এর বিচারক বেগম সামছুন্নাহারের আদালত মামলা থেকে আরজুকে অব্যাহতির আদেশ দেন। সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর আলী আজগর স্বপন গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
নিজের নাম-পরিচয় পরিবর্তন করে তালাকপ্রাপ্ত এক নারীকে বিয়ে ও প্রতারণার ঘটনায় করা ধর্ষণ মামলায় গত ২২ ফেব্রুয়ারি একই আদালতে সাবেক এমপি আরজু আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর গত ১৩ মার্চ একই আদালত মেয়ের ভরণপোষণের জন্য পঞ্চাশ লাখ টাকা ও বিয়ের কাবিনের জন্য দুই লাখ টাকা দেয়ার শর্তে দশ হাজার টাকা মুচলেকায় তাকে জামিন দেন।
গত বছরের ২২ এপ্রিল শিক্ষানবিশ এক আইনজীবী আদালতে ধর্ষণ মামলাটি দায়ের করেন। ট্রাইব্যুনাল বাদীর জবানবন্দি গ্রহণ করে পিবিআইকে অভিযোগের বিষয়ে তদন্তের আদেশ দেন। অভিযোগ তদন্তের পর ঢাকা মহানগর উত্তর পিবিআইয়ের পুলিশ পরিদর্শক সাব্বির মোহাম্মদ সেলিম ট্রাইব্যুনালে গত ৫ জানুয়ারি অভিযোগের সত্যতা পাওয়া গিয়েছে মর্মে প্রতিবেদন দাখিল করেন।
ইউডি/এ

