এনআইডি নিয়ে মাঠ কর্মকর্তাদের দুই নির্দেশনা

এনআইডি নিয়ে মাঠ কর্মকর্তাদের দুই নির্দেশনা
সংগৃহীত ছবি

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩ । আপডেট ১৩:১৫

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিয়ে উপজেলা ও থানা নির্বাচন অফিসারদের দুটি নির্দেশনা দিয়েছে এনআইডি অনুবিভাগ। এগুলো হলো- থানা ও উপজেলা নির্বাচন অফিসারদের সিএমএস/আপলোডারের ইউজার আইডি, পাসওয়ার্ড এবং ওটিপি নিজ দপ্তরের কর্মচারীদের সঙ্গে শেয়ার থেকে বিরত থাকা ও আপলোডিং অবস্থায় থাকা নতুন ভোটার ও আঙ্গুলের ছাপের আপডেট তথ্যের বিষয়গুলো সমাধান করা।

নির্দেশনা দুটি এনআইডি’র সিস্টেম অ্যানালিস্ট ইনফরমেশন সিস্টেম ব্যবস্থাপনা অধিশাখার প্রকৌশলী মোহাম্মদ আরিফুল ইসলাম পাঠিয়েছেন বলে জানা গেছে।

এনআইডির নির্দেশনায় বলা হয়েছে, লক্ষ্য করা যাচ্ছে প্রশিক্ষণ, মিটিং, ছুটিতে থাকার কারণে উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তা তার সিএমএস এবং আপলোডারের ইউজার আইডি, পাসওয়ার্ড এবং ওটিপি নিজ অফিসের ডাটা এন্ট্রি অপারেটর, স্টেনোটাইপিস্ট ও অফিস সহকারীদের সঙ্গে শেয়ার করে থাকেন। যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইউজার দিয়ে সিএমএস বা আপলোডারে লগইন করে কোন এনআইডি সংশোধন অনুমোদন করে দিলে, কোন একটি নতুন ভোটারের ডাটা সার্ভার থেকে আপলোড করে দিলে অথবা অন্য কোন কার্য সম্পাদন করলে এর জন্য উপজেলা বা থানা নির্বাচন অফিসারই দায়ী থাকবেন।

উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তাদেরকে সিএমএস, আপলোডারে লগইন করার জন্য যে ইউজার আইডি, পাসওয়ার্ড দেয়া হয়েছে এবং লগইনের সময় মোবাইলে যে ওটিপি যাবে তা নিজ দপ্তরের কোন কর্মচারীর সঙ্গে শেয়ার না করার জন্য অনুরোধ করা হলো। যদি কখনো করা হয়, তাহলে উক্ত ইউজার আইডি থেকে যে সংশোধন অনুমোদন, নতুন ভোটার আপলোডসহ যে সকল কাজ করা হবে তা উক্ত অফিসার করেছেন বলে গণ্য হবে।

এছাড়া, উপজেলা ও থানা নির্বাচন অফিসারের ইউজার আইডি দিয়ে সিএমএস এ লগইন করে অনলাইন অ্যাপ্লিকেশনে গিয়ে প্রভিশনাল ভোটারে ক্লিক করে যেসকল নতুন ভোটার বা বায়ো-আপডেট ডাটার স্ট্যাটাস আপলোডিং পাওয়া যাচ্ছে, সে সকল ভোটারদের ডাটা পুনরায় উপজেলা ও থানা নির্বাচন অফিস থেকে আপলোড করতে হবে। এক্ষেত্রে ব্যাকআপে সংরক্ষিত ডাটা থেকে ডাটার স্ট্যাটাস পরিবর্তন করে চেক করে নিতে হবে। প্রয়োজনীয় ম্যানডেটরি ডকুমেন্ট/বায়োমেট্রিক (যেমন- ফরম ২ এর ২ পৃষ্ঠা, ছবি, স্বাক্ষর ইত্যাদি) সংযুক্ত হয়েছে কি না। না থাকলে ডকুমেন্টগুলো এটাচ করে এরপর আপলোড করতে হবে।

আরও বলা হয়, যে সকল নতুন ভোটার/বায়ো-আপডেট ডাটার স্ট্যাটাস আপলোডিং দেখাচ্ছে সে সকল ডাটার সমস্যা উপজেলা/ থানা নির্বাচন অফিস থেকেই করতে হবে। এনআইডি উইং থেকে সমাধানের কোনো সুযোগ নেই। এ বিষয়ে কোন পত্র এনআইডি অনুবিভাগে না পাঠিয়ে উপজেলা/থানা নির্বাচন অফিস থেকেই সমাধান করার জন্য উপজেলা/থানা নির্বাচন অফিসারদেরকে অনুরোধ করা হলো।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading