বিএনপির আন্দোলনে জনগণ নেই: অ্যাডভোকেট কামরুল
উত্তরদক্ষিণ । শনিবার, ০১ এপ্রিল ২০২৩ । আপডেট ২২:০০
বিএনপি গণঅভ্যুত্থান করে সরকারের পতন ঘটাতে পারবে না। তাদের আন্দোলনের সঙ্গে জনগণ নেই। এমন কথা বলেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলির সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি।
শনিবার (০১ এপ্রিল) দুপুরে কেরানীগঞ্জের রোহিতপুর ইউনিয়নের অসহায় ও গরীবদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
বিএনপিকে উদ্দেশ করে কামরুল বলেন, ‘তারা মিথ্যাচার করছে, বিদেশিদের কাছে ধরনা দেয়। ওরা (বিদেশি) নাকি বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দেবে। আওয়ামী লীগ সরকার জনগণের পাশে আছে। আর বিএনপি ফাইভস্টার হোটেলে ইফতার পার্টি করছে। অথচ ত্রাণ সামগ্রী নিয়ে জনগণের পাশে আছে আওয়ামী লীগ সরকার।’ তিনি বলেন, পাকিস্তানের চেয়ে ভালো অবস্থানে আছে বাংলাদেশ।
‘বিএনপি বেহায়ার মত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চায়’ বলে মন্তব্য করে কামরুল বলেন, ‘বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার কোনো সুযোগ নেই।’ সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।
বিএনপিকে উদ্দেশ করে কামরুল আরও বলেন, ‘আন্দোলন করে কিছুই করতে পারেনি বিএনপি। ২০১৮ সালের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে তামাশা করেছিল তারা। ঢাল নেই তলোয়ার নেই, নিধিরাম সর্দার। নির্বাচন হবে এবং একটি সুষ্ঠু নির্বাচন হবে আর নির্বাচন কমিশন সেটা আমাদের উপহার দেবে।’
সরকার কোনোভাবেই নির্বাচন কমিশনের ওপর প্রভাব বিস্তার করবে না বলে জানিয়ে কামরুল ইসলাম বলেন, ‘যারা ক্ষমতায় আসার জন্য স্বপ্ন দেখছেন, তত্ত্বাবধায়ক সরকারের স্বপ্ন দেখছেন এবং ভাবছেন তত্ত্বাবধায়ক সরকার আপনাদের (বিএনপি নেতা) ক্ষমতায় বসিয়ে দেবে, তাদের বলছি, এই স্বপ্ন-দিবাস্বপ্ন আর দেখবেন না। বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার আর কোনো সুযোগ নেই। এক চুলও সংবিধানের বাইরে যাওয়ার প্রশ্নই আসে না। নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা হতে পারে, অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হতে পারে, তবে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে নয়।’
ইউডি/এ

