‘একই রাস্তা যেন বারবার খনন করতে না হয়, সমন্বয় করছে ডিএনসিসি’
উত্তরদক্ষিণ। শনিবার, ২০ জুন, ২০২৬, আপডেট ১৭:৩৫
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, ওয়াসা, তিতাস ও রাজউকসহ সংশ্লিষ্ট সেবা সংস্থাগুলোর সঙ্গে একাধিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ভবিষ্যতে যাতে একই রাস্তা বারবার খনন করতে না হয়, সে লক্ষ্যে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।
শনিবার (২০ জুন) রাজধানীর মিরপুর মুসলিম বাজার খাল পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
ডিএনসিসি প্রশাসক বলেন, সেবা সংস্থাগুলোর উন্নয়ন কার্যক্রম সমন্বিতভাবে বাস্তবায়নের মাধ্যমে নগরবাসীর দুর্ভোগ কমানোই আমাদের লক্ষ্য। একটি পরিচ্ছন্ন, বাসযোগ্য ও জলাবদ্ধতামুক্ত নগর গড়ে তুলতে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।
তিনি জানান, গত ৫ আগস্টের পর থেকে মিরপুর মুসলিম বাজার খাল থেকে এ পর্যন্ত ৪১৬ ট্রাক বর্জ্য অপসারণ করা হয়েছে। এই কার্যক্রম চলমান রয়েছে এবং পর্যায়ক্রমে অন্যান্য খালেও একই ধরনের পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে।
মো. শফিকুল ইসলাম খান বলেন, খালগুলোর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে এনে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা নিশ্চিত করতে ডিএনসিসি নিরলসভাবে কাজ করছে। যেসব এলাকায় পানি জমে থাকার প্রবণতা বেশি এবং জলাবদ্ধতার হটস্পট হিসেবে চিহ্নিত হয়েছে, সেসব এলাকার সমস্যা সমাধানে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
ইউডি/রেজা

