সাংবাদিকদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই : প্রভা

সাংবাদিকদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই : প্রভা

উত্তরদক্ষিণ । সোমবার, ০৩ এপ্রিল ২০২৩ । আপডেট ১০:৫০

সাংবাদিকদের নিয়ে অভিযোগ তুলে ফের আলোচনায় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। শনিবার (০১ এপ্রিল) সন্ধ্যায় অভিনয় শিল্পী সংঘের অফিসে কথা প্রসঙ্গে সাংবাদিকদের বিরুদ্ধে কিছু অভিযোগ করেন তিনি। তুলে ধরেন সাংবাদিকদের সঙ্গে দূরত্ব তৈরির কিছু কারণ। উল্লেখ করেন কিছু ঘটনাও।

এমন বক্তব্যের বিপরীতে সাংবাদিকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। এরপর রোববার (০২ এপ্রিল) সন্ধ্যায় ফেসবুকে নিজের আত্মপক্ষ সমর্থন করে সাংবাদিকদের উদ্দেশ্যে খোলা চিঠি লিখেছেন প্রভা। তার চিঠিটি হুবহু তুলে ধরা হলো:

“প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা,

গতকাল অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ আয়োজিত লিগ্যাল উইংস ঘোষণা ও সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় সাংবাদিক ভাই ও বোনেরা উপস্থিত ছিলেন। অনেকদিন পরে আপনাদের সঙ্গে কথা বলে আমার ভালো লেগেছে। চেষ্টা করেছি আপনাদের সব প্রশ্নের উত্তর দেয়ার। কিন্তু সেই সন্মেলনের পরে বেশ কয়েকজন সাংবাদিক ভাই বোন ফেসবুক পোষ্টসহ বিভিন্ন মাধ্যমে বলছেন আমি ঢালাওভাবে সাংবাদিক ভাইদের বিরুদ্ধে অভিযোগ এনেছি। বিষয়টা একেবারেই সঠিক নয়।

প্রথমত, আমি কোনো সাংবাদিকের বিরুদ্ধে কোনো ধরণের অভিযোগ করিনি ও করছি না। আমি বলেছিলাম কতিপয় অসত্য নিউজ ও আমার সঙ্গে ঘটে যাওয়া কিছু ঘটনায় আমার এখন ভয় হয়। আপনারা ভয়ের কারণ জানতে চাইলে আমি শুধুমাত্র আমার সঙ্গে ঘটে যাওয়া একটি দুটি ঘটনার উদাহরণ দিয়েছি। যে ঘটনাগুলো ওই সময়ই সমাধান হয়ে গেছে। তখনই সংশ্লিষ্ট সাংবাদিক ভাইয়েরা সরি বলেছেন। ঘটনার পরেও তাদের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক হয়ে গেছে।

ছোটবেলা থেকেই জেনে এসেছি, মানুষ যখন তার ভুল বুঝতে পারে তখন ক্ষমা করে দেয়াই উত্তম। তাই সংশ্লিষ্ট সাংবাদিকসহ কোনো সাংবাদিকের বিরুদ্ধেই আমার কোনো অভিযোগ আগেও ছিল না, এখনো নেই। তাই আমার চাওয়া আপনাদের সঙ্গে আমার অহেতুক ভুল বোঝাবুঝির অবসান হোক। আমরা আগের মতো ভাই বোন সম্পর্ক নিয়ে এগিয়ে যাই।

দ্বিতীয়ত, আমি আমার বিপদ আপদে বা নানা ধরনের সমস্যায় পরিবার ও সহকর্মীদের পাশাপাশি সবসময় আপনাদের পাই। তাই আমি মনে করি বিগত দিনের মতো সামনের দিনগুলিতে আনন্দ বেদনায় আপনারাই আমার সঙ্গী হবেন। এটাও বিশ্বাস করি, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে নানাভাবে একটা ভয়ের মধ্যে ছিলাম বলে, এতদিন আপনাদের সঙ্গে একটা দুরত্ব ছিলো। আশা করছি সামনের দিনগুলিতে সেটা কাটিয়ে উঠবো। এ জন্য দরকার আপনাদের সহযোগিতা ও ভালোবাসা।

তবে গতকাল আমি আরও অনেক বিষয়ে কথা বলেছি। আমার বিশ্বাস ছিল, আমাকে ভালোবেসে আপনারা সে বিষয়গুলির দিকে নজর দেবেন। সেগুলো নিয়ে সংবাদ করবেন। উল্টো আমার উদাহরণ হিসেবে বলা ঘটনাকে অভিযোগে রূপ দিয়ে আবারো শিল্পী এবং সাংবাদিকদের মাঝে দূরত্ব তৈরি হচ্ছে। এটা আমার জন্য খুবই বেদনার। দয়া করে এই কাজটি না করার জন্য আপনাদের বিনীতভাবে অনুরোধ করছি।

আপনাদের অবগতির জন্য আবার বলছি, আমার কোনো সাংবাদিকের বিরুদ্ধেই কোনা অভিযোগ নেই। একজনকে দিয়ে পুরো কমিউনিটিকে অভিযুক্ত করার মানুষ আমি নই। তবুও কোন সাংবাদিক ভাই ও বোনেরা আমার কথায় কষ্ট পেয়ে থাকেন আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

সবাই ভালো থাকবেন। আপনাদের ভালোবাসায় রাখবেন।

সাদিয়া জাহান প্রভা ”

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading