হরমুজ খোলার ঘোষণায় ইরানকে ট্রাম্পের ‘ধন্যবাদ’
উত্তরদক্ষিণ। শুক্রবার (১৭ এপ্রিল) ২০২৬, আপডেট ২১:০০
বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ খোলা রাখার ঘোষণা দিয়েছে ইরান।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী আবাস আরাকচি শুক্রবার এক্স পোস্টে লিখেছেন, “ইসরায়েল ও লেবাননের মধ্যকার ১০ দিনের যুদ্ধ বিরতি কার্যকর থাকার সময় তেহরান গুরুত্বপূর্ণ নৌপথটি বাণিজ্যিক চলাচলের জন্য পুরোপুরি খোলা রাখবে।”
এ ঘোষণা আসার পর তেহরানকে ধন্যবাদ জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
“ইরান এইমাত্র ঘোষণা করেছে যে, হরমুজ প্রণালি এখন পুরোপুরি খোলা এবং জাহাজ চলাচলের জন্য প্রস্তুত। ধন্যবাদ!”
তবে ধন্যবাদ জানালেও শান্তিচুক্তি না হওয়া পর্যন্ত হরমুজ দিয়ে ইরানের তেল রপ্তানিতে মার্কিন অবরোধ অব্যাহত রাখার কথা বলেছেন তিনি।
যদিও অবরোধের মধ্যে ইরানের তেলবাহী তিনটি ট্যাঙ্কারের পারস্য উপসাগর ত্যাগ করার তথ্য দিয়েছে কেপলার।
সমুদ্রে জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠানটি বলেছে, ‘ডিপ সি’, ‘সোনিয়া ১’ এবং ‘ডিওনা’ নামে তিনটি জাহাজে ৫০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল রয়েছে।
তেহরানের তেল রপ্তানি বন্ধ করার লক্ষ্যে গত সোমবার ইরানর বন্দরগুলোতে নৌ-অবরোধ শুরু করে মার্কিন বাহিনী।
ইউডি/এবি

