শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ ইন্ডিয়া পর্যালোচনা করছে: রণধীর জয়সওয়াল
উত্তরদক্ষিণ। শুক্রবার (১৭ এপ্রিল) ২০২৬, আপডেট ২৩:০০
চব্বিশের অভ্যুত্থানে ক্ষমতা হারিয়ে ইন্ডিয়ায় আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে ফেরত পাঠানোর যে অনুরোধ ঢাকা জানিয়েছে, তা ‘আইনি ও বিচারিক পন্থায়’ পর্যালোচনা করার কথা বলেছে দিল্লি।
শুক্রবার নয়া দিল্লিতে ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা বলেন ।
বার্তা সংস্থা এএনআই লিখেছে, আইনি বাধ্যবাধকতা এবং আঞ্চলিক কূটনীতির মধ্যে ভারসাম্য বজায় রাখার এক জটিল প্রক্রিয়ার মাঝে ইন্ডিয়া সরকারের এই অবস্থান তুলে ধরলেন মুখপাত্র।
আর এমন এক সময়ে দিল্লির এমন বক্তব্য এল, যখন আওয়ামী লীগের সরকার পতনের পর তলানিতে পৌঁছানো বাংলাদেশ-ভারত সম্পর্ক স্বাভাবিক পর্যায়ে ফেরাতে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করার কথা বলছে ইন্ডিয়ার নরেন্দ্র মোদীর সরকার।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সম্প্রতি নয়া দিল্লি সফরে গিয়ে ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের বিষয়টি আবারো তোলেন।
এ বিষয়ে ইন্ডিয়ার অবস্থান জানতে চাইলে জয়সওয়াল বলেন, “চলমান বিচারিক এবং অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে (বাংলাদেশের) অনুরোধটি পরীক্ষা করা হচ্ছে। আমরা এ বিষয়ে সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকব। আমরা পরিস্থিতির ওপর খুব নিবিড়ভাবে নজর রাখছি।”
ইউডি/এবি

